অন্নপূর্ণা যোজনার টাকাতেই চলছে সংসার ! মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দুর্গাপুরে মহিলাদের পদযাত্রা
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ সামলাতে অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তাই অনেকের কাছে হয়ে উঠেছে বাড়তি ভরসা। কারও কাছে এই টাকা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনার সহায়। আবার কারও কাছে মাসের শেষদিকে সংসারের খরচ সামলানোর অন্যতম অবলম্বন। রাজ্য সরকারের এই আর্থিক সহায়তার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাতে এবার পথে নামলেন দুর্গাপুরের মহিলারা।













রবিবার মহিলাদের নিয়ে ইস্পাত নগরী দুর্গাপুরে পদযাত্রার আয়োজন করে বিজেপি। পদযাত্রায় অংশ নেওয়া মহিলারা বলেন, সংসার চালাতে প্রতিদিনই নানা আর্থিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তাঁদের। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধি থেকে শুরু করে পরিবারের ছোটখাটো খরচ সবকিছু সামলাতে অনেক সময়ই সমস্যায় পড়তে হয়।
সেই পরিস্থিতিতে অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা তাঁদের কাছে কিছুটা স্বস্তি এনে দিয়েছে অংশগ্রহণকারী মহিলাদের দাবি। তারা বলেন, নির্দিষ্ট সময়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়ায় সংসারের বিভিন্ন প্রয়োজন মেটাতে সুবিধা হচ্ছে। তাই সরকারের এই উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতেই আমরা একত্রিত হয়ে পদযাত্রায় অংশ নিয়েছি।

