সেবা সেতুর শেষ দিনে কুলটির শিবিরে জেলাশাসক, অন্নপূর্ণা যোজনার অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস.
*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* সেবা সেতু অভিযানের শেষ দিনে রবিবার আসানসোল পুরনিগমের কুলটি বোরো কার্যালয়ের শিবির পরিদর্শন করলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা ডিএম এস পোন্নাবলাম। শিবিরে সরকারি পরিষেবা প্রদানের কাজ খতিয়ে দেখার পাশাপাশি অন্নপূর্ণা যোজনার সুবিধা না পাওয়া উপভোক্তাদের অভিযোগ দ্রুত সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর আশ্বাস দেন তিনি।জেলাশাসক বলেন, ২ অক্টোবর থেকে শুরু হওয়া সেবা সেতু অভিযানে পশ্চিম বর্ধমান জেলায় মোট ৫০টি শিবিরের আয়োজন করা হয়েছে। আসানসোল মহকুমায় প্রায় ২৫টি ক্যাম্পের মাধ্যমে ১৮টি সরকারি দপ্তরের বিভিন্ন পরিষেবা দেওয়া হচ্ছে।













আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা, বিধবা পেনশন, প্রধানমন্ত্রী সূর্যঘর, কৃষি ও এমএসএমই দপ্তরের বিভিন্ন প্রকল্প-সহ একাধিক পরিষেবার জন্য আবেদন গ্রহণ করা হয়েছে।তিনি আরো বলেন, বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনার অভিযোগের উপর। আবেদন করেও যাঁরা এই ভাতা পাননি কিংবা অনলাইনে আবেদনের কোনও তথ্য দেখতে পাচ্ছেন না, তাঁদের অভিযোগ আলাদাভাবে নথিভুক্ত করা হচ্ছে।
আবেদনকারীদের সমস্যার ধরন অনুযায়ী তালিকা তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে বলে জানান জেলাশাসক।তিনি বলেন, ক্যাম্পে জমা পড়া সমস্ত আবেদন ও অভিযোগ দ্রুত প্রক্রিয়াকরণের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর ব্যবস্থা করা হবে। প্রশাসনের এই উদ্যোগে সরকারি প্রকল্পের সুবিধা পেতে সাধারণ মানুষের সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

