দুর্গাপুরে আগ্নেয়াস্ত্র মজুত করে রাখার মামলা ধৃত বিহারের দুষ্কৃতির চার দিনের পুলিশি হেফাজত
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* বেআইনি আগ্নেয়াস্ত্র মজুত করে রাখার অভিযোগে তদন্তে নেমে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করল দুর্গাপুর এসটিএফ বা স্পেশাল টার্স্ক ফোর্স। ধৃতের নাম পবন কুমার সিং (৫৫)। ধৃত বিহারের জামুই জেলার সিকেন্দ্রা থানার রাবাই এলাকার বাসিন্দা। কিছুদিন আগে বেআইনি আগ্নেয়াস্ত্র মজুতের অভিযোগে বিহারের এক বাসিন্দাকে গ্রেফতার করেছিল দুর্গাপুর এসটিএফ। তাঁকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের সূত্র ধরেই উঠে আসে পবন কুমার সিংয়ের নাম।













এরপর তদন্ত চালিয়ে শনিবার আগ্নেয়াস্ত্র সহ তাঁকে গ্রেফতার করে এসটিএফ। রবিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক পবন কুমার সিংয়ের জামিন নাকচ করে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।পুলিশ জানায়, ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করে এর সঙ্গে আর কে বা কারা আছে তা জানার চেষ্টা করা হবে।

