ASANSOL

আসানসোলে ‘সেবা জ্যোতি যাত্রা’ ও ‘বিকশিত ভারত ২০৪৭’-র লক্ষ্যে সম্মিলিত শপথ

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসনিক দায়িত্বের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে বিজেপির ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বুধবার সারা দেশ ও বাংলার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের পোলো গ্রাউন্ডে অনুষ্ঠিত হল ‘বিকশিত ভারত সংকল্প সভা’ ও ‘সেবা জ্যোতি যাত্রা’। বিজেপির আসানসোল ও দুর্গাপুরের দলের নেতা ও কর্মীরা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।সকালে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। পরে সম্মিলিতভাবে ‘বন্দে মাতরম্’ পরিবেশন করা হয়।

এলইডি স্ক্রিনের মাধ্যমে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল বক্তব্য সম্প্রচার করা হয়। তাঁদের বক্তব্যের পর ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে উপস্থিত সকলে সম্মিলিতভাবে শপথ গ্রহণ করেন।এরপরে অতিথিদের উপস্থিতিতে প্রজ্বলিত করা হয় ‘সেবা জ্যোতি’। পোলো গ্রাউন্ড থেকেই ‘সেবা জ্যোতি’ নিয়ে পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়।

বিজেপির পক্ষ থেকে জানানো হয়, ‘সেবা সংকল্প অভিযান’-এর মাধ্যমে বিভিন্ন সেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে সেই বার্তা সমাজের বিভিন্ন স্তরে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য বলেন, ‘সেবা সংকল্প অভিযান’ শুধুমাত্র সাংগঠনিক কর্মসূচি নয়, মানুষের সেবার মাধ্যমে দেশকে আরও শক্তিশালী করার একটি উদ্যোগ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ প্রশাসনিক যাত্রা এবং দেশের উন্নয়নে তাঁর নেতৃত্বের প্রসঙ্গও তিনি তুলে ধরেন।দেবতনু ভট্টাচার্য আরো বলেন, বর্তমানে দেশকে গড়ে তোলার শক্তি এবং দেশকে বিভাজিত করার শক্তির মধ্যে ন্যারেটিভের লড়াই চলছে। তাঁর দাবি, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে যারা কাজ করছেন, তাঁদের আরও ঐক্যবদ্ধ হতে হবে।

একইসঙ্গে দেশকে দুর্বল করার যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে লড়াই চালিয়ে যাওয়ার বার্তাও দেন তিনি।তিনি আরো বলেন, স্বাধীনতার শতবর্ষের দিকে এগিয়ে যাওয়ার সময় ভারতকে বিশ্বের দরবারে আরও শক্তিশালী অবস্থানে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। দেশ গড়ার কাজে ‘মেকিং ইন্ডিয়া ফোর্স’-কে আরও শক্তিশালী করার আহ্বানও জানান তিনি।

জেলা স্তরের এই কর্মসূচিতে আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, বারাবনির বিধায়ক অরিজিৎ রায়, রানিগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ, জামুড়িয়ার বিধায়ক ড. বিজন মুখোপাধ্যায়, দুর্গাপুরের বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই, চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা ডিএম এস পোন্নাবলম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।পোলো গ্রাউন্ডের কর্মসূচির পর ‘সেবা জ্যোতি’ নিয়ে পদযাত্রা বেরোয়। দলীয় কর্মী-সমর্থকদের অংশগ্রহণে এই যাত্রার মাধ্যমে সেবা, জনসচেতনতা এবং দেশ গঠনের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয় জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *