আসানসোলে দ্বিগুণ ভাড়া চাওয়ার প্রতিবাদ, মহিলা যাত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ চালকের বিরুদ্ধে, বিক্ষোভ, উত্তেজনা
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের হটন রোডে যানজট নিয়ন্ত্রণে ওয়ান ওয়ে করা ও অন্য একাধিক রাস্তায় টোটো চলাচলের নিষেধাজ্ঞা জারি করায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে বলে অভিযোগ। এর পাশাপাশি টোটো চালকদের দৌরাত্ম গত কয়েকদিন ধরে লাগামছাড়া ভাবে বেড়েছে। এক ধাক্কায় ভাড়া দ্বিগুণ করে দেওয়া হয়েছে। সেই ভাড়া না দিলে যাত্রীদের সঙ্গে চালকেরা অভব্য আচরণও করছে বলে অভিযোগ। এমনই একটি ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে আসানসোলের হটন রোডের রাসডাঙ্গা মোড় সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গোটা ঘটনার প্রতিবাদে রাসডাঙ্গা মোড়ে এলাকার বাসিন্দা মহিলা ও পুরুষেরা রাস্তায় নেমে সরব হন।











তারা টোটো চলাচল বন্ধ করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ড পুলিশ এলাকায় আসে। পুলিশকেও ক্ষোভের মুখে পড়তে হয়। জানা গেছে, মঙ্গলবার রাত আটটা নাগাদ জিটি রোডের হটন রোড মোড় থেকে এক মহিলা টোটো করে রাসডাঙ্গা মোড়ে আসেন। তিনি ১০ টাকা ভাড়া দেন। কিন্তু টোটো চালক ২০ টাকা দাবি করেন। মহিলা তার প্রতিবাদ করে বলে, এই রুটের ভাড়া তো ২০ টাকা করা হয়েছে। মহিলা জানতে চান, কে এই ভাড়া দ্বিগুণ করেছে? চালক জোরজবরদস্তি করে বলতে থাকেন ২০ টাকা ভাড়া দিতে হবে।


এই নিয়ে বেশ কিছুক্ষন ধরে বাদানুবাদ হয়। অভিযোগ, সেই সময় টোটো চালক ঐ মহিলার সঙ্গে অভব্য আচরণ করে ও ধাক্কা মারে। স্বাভাবিক ভাবেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অশান্তি দেখতে পেয়ে এলাকায় বাসিন্দা প্রচুর মহিলা ও আশপাশের দোকানদারেরা সেখানে আসেন। তারা রাস্তায় নেমে টোটো চলাচল বন্ধ করে দেন। সুযোগ বুঝে ঐ টোটো চালক পালিয়ে যায়। এলাকার বাসিন্দারা হটন রোড ওয়ান ওয়ে করে দেওয়া ও টোটো ভাড়া দ্বিগুণ ছাড়া নিয়ে সরব হন। তারা বলেন, এই রাস্তায় টোটো চলাচল করতে দেওয়া হবে না।
খবর পেয়ে এলাকায় পুলিশ আসে। এলাকার বাসিন্দারা পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ দেখান। তারা পুলিশ অফিসারের কাছে জানতে চান, কার নির্দেশে হটন রোড ওয়ান ওয়ে করা হয়েছে? এর পাশাপাশি টোটোর ভাড়া দ্বিগুণ করতে কারা বলেছে? এইসব সিদ্ধান্ত নেওয়ার জন্য এলাকার বাসিন্দারা দুর্ভোগের মধ্যে পড়েছেন।
বিক্ষোভের মুখে পড়ে পুলিশ অফিসার বলেন, এই ব্যাপারে তাদের কিছু জানা নেই। স্বাভাবিক ভাবেই এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ আরো বেড়ে যায়। প্রায় এক ঘন্টা ধরে বিক্ষোভ চলে। শেষ পর্যন্ত পুলিশ গোটা বিষয়টি উর্ধতন আধিকারিকদের সঙ্গে কথা বলার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ★★ ছবি নিজস্ব।

