ASANSOLDURGAPUR

বাড়ি ফাঁকা থাকার সুযোগে দুর্গাপুরে গৃহস্থর বাড়িতে চুরি, কলকাতা থেকে গ্রেফতার দুই

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুপুরে বাড়ি ফাঁকা থাকার সুযোগে দুর্গাপুরের বেনাচিতিতে এক গৃহস্থর বাড়িতে চুরির ঘটনা ঘটেছিলো। আলমারি ভেঙে লুট করা হয়েছিলো কয়েক লক্ষ টাকা মূল্যের সোনার গয়না এবং গুরুত্বপূর্ণ নথিপত্র। সেই চুরির ঘটনার তদন্তে নেমে কলকাতা থেকে দুজনকে গ্রেফতার করলো দুর্গাপুর থানার এ-জোন টাউন আউটপোস্ট পুলিশ।এই চুরির ঘটনাটি ঘটেছিলো গত ১৬ সেপ্টেম্বর দুর্গাপুরের বেনাচিতির নিবেদিতা প্লেস এলাকার। পরিবারের দাবি, সেদিন দুপুরে বাড়িতে কেউ ছিলেন না। বাড়ির সদস্যরা ফিরে এসে প্রথমে দেখেন, সামনের দরজা বাইরে থেকে বন্ধই রয়েছে।

তবে বাড়ির পিছনের দিকে যেতেই সন্দেহ হয়। দেখা যায়, পিছনের দরজা খোলা।এরপর বাড়ির উপরে গিয়ে পরিবারের সদস্যরদ দেখতে পান , ঘরের ভিতরে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে । আলমারি খুলে সোনার গয়না এবং গুরুত্বপূর্ণ নথিপত্র চোরেরা চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ।এই ঘটনার পর পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে দুর্গাপুর থানার পুলিশ।

তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে কলকাতার ট্যাংরা মুসলিম পাড়া ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে মহম্মদ আমির এবং মহম্মদ করিম নামে দুজনকে বুধবার গ্রেফতার করা হয়।ধৃত দুজনকে বৃহস্পতিবার দুর্গাপুর আদালতে পেশ করা হয়। চুরি যাওয়া সামগ্রী উদ্ধার এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে ধৃতদেরকে হেফাজতে নেওয়ার জন্য আদালতে বিচারকের কাছে আবেদন জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *