ASANSOLPANDESWAR-ANDAL

অন্ডালে ইসিএলের কোলিয়ারি এলাকায় আবার ধস, পুনর্বাসন ও স্থায়ী সমাধানের দাবিতে বিক্ষোভ বাসিন্দাদের

*বেঙ্গল মিরর, অন্ডাল, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়:* ইসিএলের কেন্দা এরিয়ার সিএল জামবাদ ইনক্লাইন পাড়া এলাকায় বড়সড় ধসের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ল। স্থানীয়দের অভিযোগ, পরপর দুদিনে দু’বার ধসের ঘটনা ঘটায় আতঙ্ক আরও বেড়েছে। যেকোন সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।ধসের খবর পেয়ে বুধবার এলাকায় পৌঁছান ইসিএলের আধিকারিকরা। কিন্তু তাঁদের দেখেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। আধিকারিকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি দ্রুত সমস্যার স্থায়ী সমাধান এবং পুনর্বাসনের দাবি জানান তাঁরা।

স্থানীয় বাসিন্দা রাজেশ সাউ অভিযোগ করেন, ইসিএল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই পরপর দুদিনে দু’বার ধসের ঘটনা ঘটেছে। তাঁর দাবি, খনি থেকে কয়লা উত্তোলনের পর যথাযথভাবে বালি প্যাকিং করা হয় না। ফলে মাটির ভিতরের অংশ দুর্বল হয়ে পড়ছে এবং তারই ফল হিসেবে বারবার ধসের ঘটনা ঘটছে বলে অভিযোগ তাঁর।বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যার কথা কর্তৃপক্ষকে জানানো হলেও স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি।

বর্তমানে ধসের ঘটনায় বাড়িঘর ও এলাকার নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন তাঁরা। যেকোনও সময় আরও বড়সড় ধস নেমে বিপদ ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।এদিন ইসিএল আধিকারিকদের সামনে নিজেদের ক্ষোভ উগরে দিয়ে দ্রুত নিরাপত্তার ব্যবস্থা এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের পুনর্বাসনের দাবি তোলেন স্থানীয়রা। পরিস্থিতি ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়।ধসের ঘটনার পর ইসিএলের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা।ইসিএলের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *