ASANSOLDURGAPUR

হাতে সংবিধান নিয়ে দুর্গাপুরে কংগ্রেসের প্রতিবাদ, বিক্ষোভ মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* হাতে সংবিধানের কপি, মুখে স্লোগান। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দুর্গাপুরের রাস্তায় প্রতিবাদে নামল কংগ্রেস। বৃহস্পতিবার সিটি সেন্টার চত্বরে হাতে সংবিধান নিয়ে প্রতিবাদ মিছিল করেন কংগ্রেসের নেতা, কর্মী ও সমর্থকেরা। নেতৃত্বে ছিলেন পশ্চিম বর্ধমান জেলা সভাপতি হরজিৎ সিং ও প্রাক্তন সভাপতি দেবেশ চক্রবর্তী। কংগ্রেসের এই মিছিলকে কেন্দ্র করে সিটি সেন্টার এলাকায় উত্তেজনা তৈরি হয়।

কংগ্রেসের নেতাদের অভিযোগ, দেশের গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ নির্বাচন প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। দিল্লিতে সংবিধান রক্ষার দাবিতে বিরোধী দলগুলির আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং আন্দোলনকারীদের গ্রেফতারের অভিযোগও তোলা হয় এদিনের কর্মসূচি থেকে। কংগ্রেস নেতৃত্বের দাবি, গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করার অধিকার থাকা সত্ত্বেও বিরোধীদের কণ্ঠস্বর দমনের চেষ্টা করা হচ্ছে।

এই অভিযোগের প্রতিবাদেই দেশজুড়ে আন্দোলনের পাশাপাশি দুর্গাপুরেও এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়। এদিনের মিছিল থেকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেস নেতৃত্ব। তাঁদের অভিযোগ, ভোটার তালিকা থেকে যোগ্য ভোটারদের নাম বাদ পড়ার কারণে বহু মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। এই ঘটনার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে বলেই দাবি কংগ্রেসের নেতৃত্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *