প্রয়াত আসানসোলের বিশিষ্ট ব্যবসায়ীর স্ত্রী
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* প্রয়াত হলেন আসানসোল তথা শিল্পাঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায়ের স্ত্রী তুষারিকা মুখোপাধ্যায়। মৃত্যুকালে তুষারিকাদেবীর বয়স হয়েছিলো ৬৪ বছর। মহালয়ার দিন শনিবার বেলা বারোটা নাগাদ আসানসোলের বার্নপুর রোডের কোর্ট মোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি রেখে গেছেন স্বামী, দুই ছেলে, পরিবারের অন্য সদস্য ও আত্মীয় পরিজনদের।









পরিবার সূত্রে জানা গেছে, তুষারিকা মুখোপাধ্যায় বেশ কয়েক মাস মারণ রোগে ভুগছিলেন। মুম্বাইয়ে হাসপাতালে তার চিকিৎসা করা হচ্ছিল। সপ্তাহ খানেক আগে বাড়িতে থাকাকালীন তার শারীরিক অবস্থার অবনতি হয়। যে কারণে তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। পরে তাকে ভর্তি করা হয়েছিলো আসানসোলের বার্নপুর রোডের কোর্ট মোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে।


চিকিৎসক ও পরিবার সূত্রে জানা গেছে, গত দুদিন ধরে ঐ হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছিলো। কিন্তু তারপরেও মাল্টি অর্গান ফেলিওর হচ্ছিল। কোন চিকিৎসাতে তিনি সাড়া দিচ্ছিলেন না। শেষ এদিন তার মৃত্যু হয়।
তুষারিকা মুখোপাধ্যায়ের মৃত্যুতে দলমত নির্বিশেষে প্রচুর মানুষ শেষ শ্রদ্ধা ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


