কলকাতার দুর্ঘটনার জের, সতর্কতামুলক পদক্ষেপ হিসেবে আসানসোলেও রাস্তা থেকে তোলা হল রং
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়:* দুর্গাপুজোর আগে শহরকে রঙিন সাজে সাজিয়ে তোলার উদ্যোগে এবার ছেদ পড়লো। বুধবার সন্ধ্যায় কলকাতার চিংড়িহাটা উড়ালপুলে রং করা রাস্তার উপর বৃষ্টির মধ্যে একের পর এক মোটরবাইক পিছলে পড়ার ঘটনা সামনে আসতেই সতর্কতামূলক পদক্ষেপ করা হল আসানসোলেও। শহরের শহিদ ভগৎ সিং মোড় সংলগ্ন রাস্তায় সৌন্দর্যায়নের জন্য করা রং তুলে নেওয়া হলো বুধবার রাতে।দুর্গাপুজোর আগে কলকাতার পাশাপাশি আসানসোল শহরকেও আরও আকর্ষণীয় করে তুলতে রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন রাস্তা রং করে সাজিয়ে তোলা হচ্ছিল।













কিন্তু কলকাতার চিংড়িহাটা উড়ালপুলে রং করা রাস্তার উপর বাইক পিছলে পড়ার একাধিক ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই রাস্তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এরপরই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আসানসোলের শহিদ ভগৎ সিং মোড় সংলগ্ন রাস্তায় করা রং তুলে নেওয়া হয়।প্রসঙ্গত, দুর্গাপুজো উপলক্ষে কলকাতার গড়িয়াহাট ও চিংড়িহাটা উড়ালপুলের রাস্তায় রং করেছিল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর।
পিচের রাস্তার উপর রঙের প্রলেপ দেওয়ার ফলে যান চলাচলের নিরাপত্তা কতটা বজায় থাকবে, বিশেষ করে বৃষ্টির সময় মোটরবাইক পিছলে যাওয়ার আশঙ্কা কতটা, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল।বুধবার দুপুরে বৃষ্টির পর চিংড়িহাটা উড়ালপুলে একাধিক মোটরবাইক আরোহীর পিছলে পড়ার একটি ভিডিও সামনে আসে। যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
তবে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর রঙের প্রলেপের কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ার অভিযোগ ওঠে।এই ঘটনার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্বেগ প্রকাশ করেন। এরপরই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের বলা হয়েছে।
রাস্তার বিভিন্ন রঙের কারণে চালকদের দৃষ্টিতে সমস্যা তৈরি হচ্ছে কি না, সেই বিষয়টিও পরীক্ষা করা হবে। প্রয়োজনে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। মন্ত্রী আরো বলেন, সাধারণ মানুষের করের টাকায় এই কাজ করা হয়নি।
বিভিন্ন কোম্পানির সিএসআর প্রকল্পে এই রংয়ের কাজ করা হচ্ছিলো।শহরের সৌন্দর্যায়নের উদ্যোগ চললেও মানুষের নিরাপত্তার প্রশ্নে কোনও ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। কলকাতার ঘটনার পর আসানসোলে রাস্তা থেকে রং তুলে নেওয়ার পদক্ষেপে সেই সতর্কতারই ইঙ্গিত মিলল বলে ওয়াকিবহাল মহল মনে করছে।

