আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে সংকট ষষ্ঠীতে বিধায়কের উদ্যোগে রক্তদান শিবির
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল জেলা হাসপাতালের সরকারি ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট বা অপ্রতুলতা রয়েছে। তা দূর করার লক্ষ্যে শুক্রবার ষষ্ঠীর সকালে আসানসোলের বার্নপুর রোডের রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি ক্লাব প্রাঙ্গণে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তের অভাবে যেন কোনও মুমূর্ষু রোগীর জীবন সংকটের মুখে না পড়ে এই মানবিক ভাবনা থেকেই ক্লাবের পৃষ্ঠপোষক আসানসোল উত্তরের বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় নিজে এই উদ্যোগ নিয়েছেন।













বিধায়ক উপস্থিত থেকে শিবিরে রক্তদান করা দাতাদের হাতে শংসাপত্র তুলে দেন। ছিলেন আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের ইনচার্জ চিকিৎসক ডাঃ সঞ্জিৎ চট্টোপাধ্যায় সহ ক্লাবের সদস্যরা। দুপুর পর্যন্ত হওয়া এই শিবিরে ৪৬ জন রক্তদান করেন। বিধায়ক বলেন, আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট রয়েছে। তাই সাধারণ মানুষের কথা ভেবে ষষ্ঠীর দিন সকালে পুজোর মন্ডপ লাগোয়া ক্লাবে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।
এই মহৎ সেবার কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণকারী সকল রক্তদাতাদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ। মা দুর্গার আশীর্বাদে সকল রক্তদাতার জীবন সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে ভরে উঠুক। সকলের মঙ্গল কামনা করি। প্রসঙ্গতঃ, বৃহস্পতিবার মহা পঞ্চমীর সন্ধ্যায় রবীন্দ্র নগর উন্নয়ন সমিতির এই বছরের দুর্গাপুজোর উদ্বোধন হয়েছে।

