Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOLDURGAPUR

মুম্বাইয়ে কাজ করতে গিয়ে রহস্যমৃত্যু দুর্গাপুরের যুবকের আত্মহত্যা নয়, খুনের অভিযোগ পরিবারের

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* সংসারের হাল ধরতে বাণিজ্য নগরী মুম্বাইয়ে কাজ করছিলেন। কিন্তু সেই কাজ করতে গিয়েই রহস্যজনকভাবে মৃত্যু হলো পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসা এক যুবকের। মুম্বই পুলিশের ফোনে যুবকের মৃত্যুর খবর পেতেই শোরগোল পড়ে যায় কাঁকসার বিরুডিহা এলাকায়। মৃত যুবকের নাম বিশ্ব দে (২০)। তবে এই মৃত্যুকে নিছক আত্মহত্যা বলে মানতে নারাজ তাঁর পরিবার। পরিবারের অভিযোগ, আত্মহত্যা নয়, বিশ্বকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর এই অভিযোগকে ঘিরেই দানা বেঁধেছে রহস্য।

পরিবার সূত্রে জানা গেছে, দুর্গাপুজোর আগে মুম্বইয়ের বরালি এলাকায় ঠিকা শ্রমিকের কাজে গিয়েছিলেন বিশ্ব দে। দিন দুই আগে আচমকাই মুম্বই পুলিশের ফোন আসে পরিবারের কাছে। জানানো হয়, বিশ্বর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মাত্র ২০ বছরের যুবকের এমন মৃত্যুর খবর বিশ্বাস করতে পারছেন না পরিবারের সদস্যরা। কিভাবে মৃত্যু হল তাঁর? ঠিক কি ঘটেছিল মুম্বইয়ে? সেই প্রশ্নই এখন তাড়া করে বেড়াচ্ছে পরিবারকে।অন্যদিকে, বিশ্বর দেহের ছবি দেখেই সন্দেহ আরও ঘনীভূত হয়েছে বলে দাবি পরিবারের।

তাঁদের অভিযোগ, ছবিতে যে পরিস্থিতি দেখা গিয়েছে, তাতে আত্মহত্যার তত্ত্ব নিয়ে প্রশ্ন উঠছে। বরং বিশ্বকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের। মৃত যুবকের কাকা মদন দে বলেন, “আমরা ভাইপোর দেহের ছবি দেখেছি। কিন্তু ছবি দেখে আমাদের মনে হচ্ছে, ও আত্মহত্যা করেনি।

ওকে খুন করে গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমরা স্থানীয় পুলিশ প্রশাসনকে মেল মারফত বিষয়টি জানিয়েছি। যে ঠিকাদার ওকে কাজে নিয়ে গিয়েছিল, তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলাম। কিন্তু তিনি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। আমরা চাই, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক। কিভাবে ভাইপোর মৃত্যু হল, তা সামনে আসুক বলে মদনবাবু দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *