এসআইআর ইস্যুতে পশ্চিম বর্ধমানে আন্দোলনে নামছে জেলা কংগ্রেস, বাড়ি বাড়ি গিয়ে নেওয়া হবে ভোটারদের অভিযোগ
*বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* এসআইআরকে সামনে রেখে পশ্চিম বর্ধমান জেলায় আন্দোলন আরও জোরদার করার কথা ঘোষণা করল জেলা কংগ্রেস কমিটি। এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া এবং তালিকায় বিভিন্ন ধরনের ত্রুটি নিয়ে সরব হয়েছে কংগ্রেস। মঙ্গলবার বার্নপুরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেস সভাপতি হরজিৎ সিং বলেন, রাহুল গান্ধির নেতৃত্বে ভোট চুরির বিরুদ্ধে দেশজুড়ে যে আন্দোলন চলছে, তারই ধারাবাহিকতায় পশ্চিম বর্ধমানেও আন্দোলন চালিয়ে যাবে দল।এদিনের সাংবাদিক সম্মেলনে হরজিৎ সিং আরো বলেন, আগামী ১ নভেম্বর দিল্লিতে রামলীলা ময়দানে কর্মসূচিতে অংশ নেবো আমরা।













এরপর জেলার বিভিন্ন পাড়ায় পাড়ায় চৌপাল বৈঠকের আয়োজন করা হবে। সেই বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যা ও অভিযোগ শোনা হবে। বিশেষ করে এসআইআর প্রক্রিয়ায় যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে কিংবা যাঁদের নামের ক্ষেত্রে কোনও ভুল বা অসংগতি রয়েছে, তাঁদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে কংগ্রেস।জেলা কংগ্রেস নেতৃত্বের দাবি, দলের কর্মীরা ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন।
ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া বা অন্য কোনও ত্রুটির কারণে সমস্যায় পড়া মানুষের কাছ থেকে চিঠি ও অভিযোগ সংগ্রহ করা হচ্ছে। এই সমস্ত অভিযোগ একত্রিত করে প্রশাসনের কাছে তুলে ধরা হবে।হরজিৎ সিং জানান, শীঘ্রই জেলা কংগ্রেসের একটি প্রতিনিধি দল জেলাশাসকের সঙ্গে দেখা করবে। ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়া মানুষের সমস্যার বিষয়টি প্রশাসনের সামনে তুলে ধরে প্রয়োজনীয় সংশোধনের আবেদন জানানো হবে।
তাঁর বক্তব্য, ভোটার তালিকায় নামের ভুল সংশোধন এবং যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের বিষয়টি যথাযথভাবে খতিয়ে দেখা জরুরি। ভোটাধিকার নিশ্চিত হলে নাগরিকরা তাঁদের প্রাপ্য সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রেও নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন।সাংবাদিক সম্মেলনে প্রাক্তন জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী সহ কংগ্রেস নেতৃত্ব আরো জানান, ২০ অক্টোবর পর্যন্ত এসআইআর সংক্রান্ত বর্তমান রিপোর্ট তাদের হাতে রয়েছে।
এরপরের পরিসংখ্যান নিয়ে সরকার আদালতে হলফনামার মাধ্যমে যে তথ্য পেশ করেছে, সেই বিষয়েও দল নিজেদের বক্তব্য তুলে ধরবে বলে জানানো হয়েছে।কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দলের দাবি, ভোটার তালিকা সংক্রান্ত সমস্যার সমাধান এবং ভোটাধিকার রক্ষার প্রশ্নে পশ্চিমবঙ্গের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলাতেও আন্দোলন অব্যাহত থাকবে।এসআইআরকে কেন্দ্র করে কংগ্রেসের এই কর্মসূচি আগামী দিনে জেলায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়াতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
