ASANSOLPANDESWAR-ANDAL

অন্ডালে চাঞ্চল্য আইসিডিএস সেন্টারে শিশুদের খাবারে পোকা! প্রশ্নের মুখে সরবরাহের মান

*বেঙ্গল মিরর, অন্ডাল, রাজা বন্দোপাধ্যায়ঃ* শিশুদের পুষ্টির জন্য বরাদ্দ আইসিডিএস সেন্টারের চাল ও ডালে পোকা পাওয়ার অভিযোগকে ঘিরে বুধবার চাঞ্চল্য ছড়াল পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের খান্দরা গ্রাম পঞ্চায়েতের সিঁদুলি এলাকায়। সিঁদুলির ২৪০ নম্বর আইসিডিএস সেন্টারের এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। শিশুদের জন্য সরবরাহ করা খাদ্যসামগ্রীর গুণমান নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন।ঘটনার খবর পেয়ে ওই আইসিডিএস সেন্টারে পৌঁছান আসানসোল জেলা বিজেপির মণ্ডল-৩ সভাপতি ইন্দ্র সেন।

শিশুদের খাবারে পোকা থাকার অভিযোগের কারণ জানতে চাইলে সেন্টারের সহকারীর কাছ থেকে সন্তোষজনক উত্তর মেলেনি বলে দাবি করেন তিনি।কেন্দ্রের সহকারী জ্যোৎস্না বাউরি বলেন , সেন্টারের দিদিমণি প্রায় সময় থাকেন না। ফলে আমাদেরই সেন্টারের কাজকর্ম সামলাতে হয়। শিশুদের জন্য সরবরাহ করা চাল ও ডালের গুণমান সম্পর্কে তাঁদের বিশেষ কিছু জানা নেই বলেও জানান তিনি।

তাঁর দাবি, এদিন চাল ও ডালে পোকা দেখতে পাওয়ার পর কোনও শিশুকেই ওই খাবার দেওয়া হয়নি।ঘটনাটি সামনে আসার পর খাদ্যসামগ্রীর গুণমান পরীক্ষা এবং সরবরাহ ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শিশুদের পুষ্টির জন্য বরাদ্দ খাবার সরবরাহের আগে যথাযথভাবে পরীক্ষা করা হয় কি না, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

ইন্দ্র সেন বলেন, পুরো বিষয়টি ভিডিও সহ বিষয়টি আইসিডিএসের ঊর্ধ্বতন আধিকারিকদের কাছে জানানো হবে। কিভাবে পোকাযুক্ত চাল ও ডাল শিশুদের খাবারের জন্য সরবরাহ করা হল, তা খতিয়ে দেখে দায়ীদের চিহ্নিত করার দাবিও জানান তিনি।

এদিকে, এ বিষয়ে সংশ্লিষ্ট আইসিডিএস সেন্টারের দায়িত্বে থাকা মহিলার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ব্লক প্রশাসনের পক্ষ থেকেও কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যের সঙ্গে সরাসরি জড়িত এই অভিযোগের পর এখন নজর প্রশাসনের পদক্ষেপের দিকে। খাদ্যসামগ্রীর গুণমান পরীক্ষা করে দেখা হবে কি না এবং সরবরাহ ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অভিভাবকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *