পশ্চিম বর্ধমানের জেলাশাসককে চিঠি, গাড়ুই নদী সংস্কার নিয়ে অভিযোগ চৈতালি তেওয়ারির
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল পুরনিগমের তরফে পুর এলাকার মধ্যে দিয়ে যাওয়া গাড়ুই নদী সংস্কারের কাজ করা হচ্ছে। আর সেই কাজ করা নিয়ে এবার আসানসোল পুরনিগমের বিরুদ্ধে যড়যন্ত্রের অভিযোগ তুললেন পুরনিগমের অন্যতম বিরোধী দল বিজেপি কাউন্সিলরদের দলনেত্রী তথা ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর চৈতালি তেওয়ারি। এই মর্মে সোমবার তিনি পশ্চিম বর্ধমান জেলাশাসক এস অরুণ প্রসাদকে একটি চিঠিও লিখেছেন। তিনি বলেন, এখন গাডুই নদী পরিষ্কার করা হচ্ছে। তবে এটা খুব আশ্চর্যজনক যে ২৭ নম্বর ও ২৯ নম্বর ওয়ার্ড এলাকায় নদী পরিষ্কার করা হচ্ছে না।














নদী সংস্কারের কাজ থেকে এই দুটি ওয়ার্ডকে বঞ্চিত রাখা হচ্ছে। তার কথায় এটা একটা যড়যন্ত্র। তিনি জেলাশাসকের কাছে অনুরোধ জানান, যেন দ্রুত এই দুটি ওয়ার্ডের মধ্যে দিয়ে যাওয়া গাড়ুই নদী সংস্কারের কাজ ঠিক মতো করা হয়। সামনেই বর্ষা আসছে। বর্ষা আসার আগেই কাজ শেষ করতে হবে। যাতে গত বছরের মতো এ বছরও যেন এই দুটি ওয়ার্ডের ক্ষতি না হয়। চৈতালি তেওয়ারি জেলাশাসককে দেওয়া চিঠিতে আর লিখেছেন, গত ৩ জুন, এই প্রসঙ্গে মেয়রকে একটি চিঠিও লেখা হয়েছিলো। কিন্তু তাতে কোনও ফল হয়নি। তিনি বলেন, গত বছরের বৃষ্টিতে এই দুটি ওয়ার্ডের ৬০ শতাংশেরও বেশি মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিলো। আসানসোল পুরনিগম বা রাজ্য সরকারের কাছ থেকে সেই লোকেরা কোনও ক্ষতিপূরণ পাননি।
প্রসঙ্গতঃ, আগেই আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় চৈতালি তেওয়ারির অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, কোন পক্ষপাতিত্ব করা হচ্ছে না। একবারে পরিকল্পনা করে এলাকা ধরে ধরে গাড়ুই নদী সংস্কার করা হচ্ছে।

