ASANSOL

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালনে আসানসোলে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের আয়োজন

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ তৃণমূল কংগ্রেসের ২৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নতুন বছরের প্রথম দিন বুধবার আসানসোল শহর তথা গোটা শিল্পাঞ্চল ও পশ্চিম বর্ধমান জেলায় কেক কাটা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আসানসোলের জিটি রোডের রাহালেন মোড় সংলগ্ন পার্টি অফিসে জেলা তৃণমূলের পক্ষ থেকে প্রতিষ্ঠা দিবস পালনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। এই অনুষ্ঠানে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্র নাথ চক্রবর্তী, দলের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি এস এম হাসান ওরফে মনু, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, বোরো চেয়ারম্যান রাজেশ তিওয়ারি, প্রাক্তন মেয়র পারিষদ রবিউল ইসলাম সহ কাউন্সিলর ও নেতারা উপস্থিত ছিলেন।


দলের পতাকা উত্তোলন করার পাশাপাশি দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কেক কাটা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় মন্ত্রী মলয় ঘটক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃনমুল কংগ্রেস রাজ্যের বামফ্রন্টের ৩৪ বছরের শাসনের অবসান ঘটিয়েছিলো। আজ সারা দেশের মানুষ বিজেপি চালিত কেন্দ্রের এনডিএ সরকারের উপর ক্ষুব্ধ। এমতাবস্থায় আবারও দেশকে বাঁচানোর দায়িত্ব পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে এসে পড়েছে । দেশের মানুষ ২০২৪ সালে বিজেপিকে পাঠ শিখিয়েছেন। এখন থেকেই ২০২৬ সালে টানা চতুর্থবারের জন্য, পশ্চিমবঙ্গে মা, মাটি, মানুষ সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দেওয়ার আহবান জানান মন্ত্রী মলয় ঘটক।


জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীও দলের সর্বস্তরের নেতা ও কর্মীদেরকে একজোট হয়ে ২০২৫ র একেবারে শুরুর দিন থেকেই মানুষের কাছে আরো বেশি করে যাওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, মানুষের কাছে যেতে হবে ও তাদের পাশে থাকতে হবে। কেন্দ্র সরকার কিভাবে বাংলাকে নানাদিক থেকে বঞ্চিত করছে, তা তুলে ধরতে হবে।
অন্যদিকে, দলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন তরফে দাসুর নেতৃত্বে এদিন জিটি রোডের বড় পোস্ট অফিস সংলগ্ন তৃনমুল কংগ্রেসের অফিসে পতাকা উত্তোলন করা হয়। উপস্থিত ছিলেন বোরো চেয়ারম্যান শিবানন্দ বাউরি, কাউন্সিলর ববিতা দাস, শ্রাবণী বিশ্বাস , বিশ্বরূপ গাঙ্গুলী প্রমুখ। এখানেও দলের প্রতিষ্ঠা দিবসে কেকও কাটা হয়।


ভি শিবদাসন ওরফে দাসু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণেই দল এবং আমাদের সকলের অস্তিত্ব। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে একসঙ্গে শক্তিশালী করতে হবে। যার উপর ভরসা করে ২০২৬ সালে আবারও বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মা, মাটি মানুষ সরকার গঠিত হবে। এর জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করুন।
এদিকে, বারাবনির বিধায়ক আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় ও ব্লক সভাপতি অসিত সিংয়ের নেতৃত্বে বারাবানির বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠা দিবস পালিত হয়।
এর পাশাপাশি এদিন সালানপুর, বার্নপুর, জামুড়িয়া, কুলটি, রানিগঞ্জ, পান্ডবেশ্বর ও দূর্গাপুরের বিভিন্ন জায়গায় তৃনমুল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *