ডিপিএলে ওয়াগনের কয়লা খালি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১, জখম ১
বেঙ্গল মিরর, দুর্গাপুর, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ ওয়াগনে উঠে কয়লা খালি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ঠিকা কর্মীর। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশঙ্কাজনক অবস্থা আরো এক ঠিকা কর্মীর। মৃত ও আহত সম্পর্কে শ্বশুর ও জামাই। শনিবার মধ্যরাতে ডিপিএল বা দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেডে এই ঘটনা ঘটেছে। এই ঘটনার পরে নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলে ডিপিএল বা দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেডের বিরুদ্ধে সরব হন এলাকার বাসিন্দা ও মৃত ব্যক্তির সহকর্মীরা। মৃত ঠিকা শ্রমিকের নাম পৃথো টুডু (৫২)। তিনি দুর্গাপুরের ৩১ নম্বর ওয়ার্ডের নুনিয়া পাড়ার বাসিন্দা। আশঙ্কাজনক এক ঠিকা শ্রমিকের নাম চেন্দাই হাঁসদা।














জানা গেছে, শনিবার রাতে শ্বশুর পুথো টুডু ও জামাই চেন্দাই হাঁসদা ঠিকা কর্মী হিসেবে একসাথে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড বা ডিপিএলে কাজে যোগ দেন। রাত দুটোর সময় ডিপিএলের ৭ নম্বর ইউনিটের কোল্ড হ্যান্ডেলিং প্ল্যান্টে ওয়াগনের উপর অন্যান্য শ্রমিকদের সঙ্গে উঠেন তারাও। ওয়াগন চালানোর জন্য উপরের বৈদ্যুতিক তারের বিদ্যুৎ বন্ধ না থাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ঝলসে যান পৃথো। আর বিদ্যুৎপৃষ্ট হয়ে ছিটকে পড়েন চেন্দাই। চেন্দাইকে তড়িঘড়ি দুর্গাপুরের বিধাননগরে ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দা, পরিবারের সদস্য ও সহকর্মীরা।
মৃত কর্মীর আত্মীয় শিবেন কিস্কু বলেন, দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেড কর্তৃপক্ষের সম্পূর্ণ গাফিলতির জন্যই আজকের এই ঘটনা। আমরা ক্ষতিপূরণের দাবি করছি। কারখানা কর্তৃপক্ষের শাস্তির দাবি করছি।
দুর্গাপুর ৩ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি কল্লোল বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে যাই । একজন কর্মী মৃত্যু হয়েছে ও আরেকজন কর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে ১৩ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ব্যবস্থা করেছি। পরিবারের একজনের চাকরিরও দাবি করেছি। এই ঘটনার জন্য কে বা কারা দায়ী বিভাগীয় তদন্তের জন্য ডিপিএল কর্তৃপক্ষের কাছে দাবি করেছি।
দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেডের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র বলেন, ঘটনা আমরা জানতে পেরেছি। মৃত কর্মী ও হাসপাতালে চিকিৎসাধীন কর্মীর পাশে কতৃপক্ষ আছে ও সব রকম ভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে। পাশাপাশি এই ঘটনা কি করে ঘটলো তা তদন্ত করে দেখা হবে।

