এসআইআর : কেন্দ্রের শাসক দলকে আক্রমণ জেলা তৃণমূল নেতৃত্বের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ পশ্চিম বর্ধমান জেলার পাশাপাশি সমগ্র বাংলায় গত ৪ নভেম্বর থেকে এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন শুরু হয়েছে। এই নিয়ে সোমবার আসানসোলের জিটি রোডের রাহা লেন মোড় সংলগ্ন তৃনমুল কংগ্রেসের জেলা পার্টি অফিসে একটি সাংবাদিক সম্মেলন হয়। যেখানে রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদার, পান্ডবেশ্বরের বিধায়ক তথা তৃনমুল কংগ্রেসের পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি ও আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় ছিলেন।














এদিনের সাংবাদিক সম্মেলনে তৃনমুল কংগ্রেসের নেতারা বলেন, একদিকে কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে যারা ক্রমাগত জনগণকে হয়রানি করছে। প্রথমে নোট বাতিল, তারপর জিএসটি। এখন এসআইআর। তারা এটা করছে কারণ বিজেপি বাংলায় নির্বাচনে জিততে পারেনি। তাই তারা এইভাবে বাংলার জনগণকে হয়রানি করছে। কিন্তু এইসব করে কোনও লাভ হবে না । কারণ এই বাংলায় , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, জনগণের কল্যাণের জন্য একটি সরকার চলছে। তারা আরো বলেন, শিলিগুড়ির উত্তরকন্যা থেকে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠক করেন।
সেই বৈঠক থেকে তিনি ঘোষণা করেছেন, সম্প্রতি ভারী বৃষ্টিপাতের কারণে এই জেলায় যে ২০১ জনের বাড়ি সম্পূর্ণরূপে ভেঙে গেছে, তাদের প্রত্যেককে ক্ষতি পূরণ দেওয়া হবে। যেসব বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত তাদেরকে ১ লক্ষ ২০ হাজার টাকা এবং যাদের বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ৭০ হাজার টাকা দেওয়া হয়েছে। তারা আরো বলেন, এর থেকে বোঝা যায় যে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের স্বার্থ রক্ষার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে যারা কেবল জনগণকে হয়রানি করতে সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে ।

