টার্গেট নির্বাচন কমিশন ও বিজেপিকে, ভোটার তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ আসানসোলের কংগ্রেস প্রার্থীর
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* নির্বাচনের ঠিক আগে ভোটার তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ করলেন আসানসোল উত্তর বিধানসভার কংগ্রেসের প্রার্থী প্রসেনজিৎ পুইতুন্ডি। এরজন্য তিনি দায়ী করেন বিজেপি ও নির্বাচন কমিশনকে।কংগ্রেসের তরফে মঙ্গলবার দুপুরে আসানসোলের জিটি রোডের গীর্জা মোড় সংলগ্ন দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানে আসানসোল উত্তরের কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতুন্ডি, সভাপতি শাহ আলম খান এবং আসানসোল পুরনিগমের কাউন্সিলর এস.এম. মুস্তাফা উপস্থিত ছিলেন।














কংগ্রেসের নেতারা আসন্ন ২৩ এপ্রিলের বিধানসভা নির্বাচনের জন্য প্রকাশিত ভোটার তালিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন। তারা বলেন, নির্বাচন কমিশন এসআইআরের মাধ্যমে একটি স্বচ্ছ ভোটার তালিকা তৈরির দাবি করলেও, আসল সত্য হলো ভোটার তালিকায় গুরুতর অনিয়ম রয়েছে। কংগ্রেস প্রার্থী ভোটার তালিকায় একই ব্যক্তির নাম একাধিকবার থাকার উদাহরণ তুলে ধরেন। এটি শুধু একজন ভোটারের ক্ষেত্রে নয়, বরং অনেক নামই একাধিকবার নথিভুক্ত হয়েছে তিনি দাবি করেন।
তিনি আরো বলেন, এমন অনেক বৈধ ভোটার, যাঁদের বাবারা জাতীয় সংস্থায় কাজ করতেন। তারা নিজেরা এখানেই পড়াশোনা করেছেন। মাধ্যমিক পরীক্ষা সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট তাদের রয়েছে। তাদের নামও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, আমার দলের কাউন্সিলর এস.এম. মুস্তাফার নামও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও তার বাবা ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে কাজ করতেন। তিনি আসানসোলেই তার সমস্ত স্কুল শিক্ষা শেষ করেছেন। যার সার্টিফিকেট তার কাছে রয়েছে।
তিনি বলেন , এভাবে ভোটার তালিকা কারচুপি করে নির্বাচন কমিশন বিজেপিকে সুবিধা দেওয়ার চেষ্টা করছে। দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে চাণক্য বলা হয়। কিন্তু তিনি চাণক্য নন, একজন চোর। জাতীয় পর্যায়ে ভোট চুরির ঘটনা প্রথম ফাঁস করেছিলেন রাহুল গান্ধী। এদিন কংগ্রেস আসানসোলের ভোটার তালিকার অনিয়ম তুলে ধরছে।
তিনি বলেন , বিজেপিকে সুবিধা দেওয়ার জন্যই জ্ঞানেশ কুমার এই কাজ করছেন। এই ভোটার তালিকায় আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের ১৭১ নম্বর বুথের এমন কিছু ভোটারের নাম পাওয়া গেছে, যাদের নাম ভোটার তালিকায় একাধিকবার রয়েছে। তাদের বাবার নামও একই এবং বয়সও একই দেখানো হয়েছে। এতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে, বিজেপি কিভাবে নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটার তালিকায় কারচুপি করে বাংলার নির্বাচনে জিততে চাইছে বলে কংগ্রেসের দাবি। যদিও, কংগ্রেসের তোলা অভিযোগ ও অনিয়মের সঙ্গে বিজেপির যোগসাজশ রয়েছে, তা সরাসরি অস্বীকার করেন আসানসোল উত্তরের পদ্ম প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। তিনি বলেন, বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের কোন সম্পর্ক নেই। ভোটার তালিকায় কিছু অনিয়ম হয়ে থাকলে তা নিয়ে যা বলার বলতে পারে নির্বাচন কমিশন।

