ASANSOLKULTI-BARAKAR

কুলটির সভা থেকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুপ্রবেশকারী মুক্ত ” বাংলা” করার ডাক অমিত শাহের

*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* প্রচারের শেষ দিনে বাংলায় এসে ঝড় তুললেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার তিনি আবারও অনুপ্রবেশকারী মুক্ত ” বাংলা ” গড়ার ডাক দিলেন। এদিন দুপুরে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভার বিজেপি প্রার্থী ডাঃ অজয় পোদ্দারের সমর্থনে বরাকরের বালতোড়িয়ার গণেশ মেলা ময়দানে হওয়া এক সভায় বক্তব্য রাখেন অমিত শাহ। তিনি শিলিগুড়ি থেকে হেলিকপ্টারে কুলটিতে আসেন। সভায় বক্তব্য রাখার শুরুতে তিনি কুলটি ও বরাকর এলাকার বিভিন্ন দেবদেবীর কথা বলে প্রণাম জানান।

দেশের স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, প্রচার করা হচ্ছে, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে বাঙালি কেউ মুখ্যমন্ত্রী হবেন না। এটা একেবারে মিথ্যে কথা। আমি আপনাদের আশ্বস্ত করছি বাংলায় জন্মেছেন, বাংলায় কথা বলেন, এমন মানুষকে মুখ্যমন্ত্রী করা হবে। মমতার গুন্ডাদের বলছি, ২৩ এপ্রিল বাড়ির মধ্যে থাকবে। তা না হলে ৫ মে’ র পরে তাদেরকে উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে। জেলের ভেতরে ঢোকানো হবে। তিনি এদিনের সভা থেকে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেন।

অমিত শাহ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যুবদের কথা ভাবেন না। তিনি একজন মাত্র যুবর কথা ভাবেন। সে হলো তার ভাইপো। তাকে এই ভোটের পরে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী পদে বসাবেন। আপনারা কি সেটা চান? যদি না, চান তবে, ২৩ এপ্রিল পদ্মফুলে ভোট দিন। কথা দিচ্ছি, গরীবদের কোন প্রকল্প বন্ধ করা হবে না। গরীবদের জন্য আরো নতুন প্রকল্প করবে বিজেপি সরকার। জুন মাসের পয়লা থেকে মহিলাদের একাউন্টে ৩ হাজার টাকা ঢোকা শুরু করবে। বেকার যুবকেরা ৩ হাজার টাকা ভাতা পাবেন।

গর্ভবতী মহিলারা এককালীন ২১ হাজার টাকা পাবেন। বাংলায় আয়ুষ্মান প্রকল্প চালু করা হবে। সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশন ও বকেয়া ডিএ পাবেন বলে এদিন আবারও আশ্বাস দেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী। কুলটি এলাকার শিল্প প্রসঙ্গে দেশের স্বরাষ্ট্র মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বলেন, গত ১৫ বছরে এখানকার ইস্পাত শিল্প নষ্ট হয়ে গেছে। বিজেপি ক্ষমতায় এলে, তা আবার ফিরিয়ে আনা হবে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *