ASANSOL

উন্নয়ন কেন হয়নি? তৃণমূল নেতার গাড়ি আটকে প্রশ্ন বিজেপির কর্মী ভাইরাল ভিডিও

*বেঙ্গল মিরর,,সার্থক কুমার দে, দুর্গাপুর:* উন্নয়ন কেন হয়নি? আপনি আমার চাকরি খেয়েছেন ! তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতির গাড়ি আটকে প্রশ্ন বিজেপি কর্মীর । ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য এলাকায় । অভিযোগ ভিত্তিহীন দাবি তৃণমূল নেতার ।সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলাতে ভরাডুবি হয়েছে তৃণমূলের । দলের জেলা সভাপতি ছিলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী । দলকে জেতাতে পারেননি পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে পরাজিত হয়েছেন তিনি নিজেও । ভোটের ফল প্রকাশের পর এলাকায় সেভাবে দেখা যায়নি তাকে ।

বৃহস্পতিবার তিনি এলাকায় আসেন । অন্ডাল মাধাইগঞ্জ রোডের আনন্দমোড়ের সামনে তার গাড়ি আটকান স্থানীয় বিজেপি কর্মী রাহুল ব্যানার্জি ও তার কয়েকজন সঙ্গী । সেই ভিডিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে । বিজেপি কর্মী নরেন বাবুকে প্রশ্ন করেন আপনি তো বিধায়ক ছিলেন ছিলেন দলের জেলা সভাপতি , তা সত্বেও এলাকায় কেন কোন উন্নয়ন হয়নি , রাস্তার এমন খারাপ অবস্থা কেন ?

প্রশ্নের মুখে অস্বস্তিতে পড়তে লক্ষ্য করা যায় নরেন বাবুকে । তিনি বলেন আমরা এখন ক্ষমতায় নেই । নতুন বিধায়ক যিনি হয়েছেন তিনি নিশ্চয়ই উন্নয়নের কাজ করবেন । সেই সময়ই ঋষি মন্ডল নামে অন্য এক যুবক নরেন বাবুকে বলেন আপনি আমার চাকরি খেয়েছেন ! আমি এখনো বেকার আছি । এর জন্য আপনি দায়ী । যদিও এই অভিযোগ অস্বীকার করেন নরেন বাবু ।

তারপর তিনি গাড়ির দরজা বন্ধ করে গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দেন । এই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে । সেখানে বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করেন । কেউ বলেন ডিম থেরাপি দেওয়া উচিত ছিল, কেউ আবার বলেন উনি এখন ভালো তৃণমূল । শুক্রবার বিজেপি কর্মী রাহুল ব্যানার্জিকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন দীর্ঘদিন তিনি বিধায়ক ও দলের জেলার সভাপতি ছিলেন তা সত্ত্বেও এলাকার কোন উন্নয়ন করেননি ।

সেই কারণে এলাকার মানুষের প্রতিনিধি হিসেবে আমি তাকে সেই প্রশ্ন করেছিলাম । কিন্তু উনি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি বলে অভিযোগ করেন রাহুল বাবু । অন্যদিকে ঋষি মন্ডলের অভিযোগ তিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন । ২০২১ সালের নির্বাচনের আগে তিনি বিজেপির হয়ে সমাজ মাধ্যমে কিছু পোস্ট করেছিলেন । সেই কারণে জেতার পর নরেন বাবুর নির্দেশে আমার চাকরিটি চলে যাই । অন্যদিকে বিষয়টি নিয়ে নরেন বাবুর কোনো প্রতিক্রিয়া এখনো সামনে আসেনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *