দুর্গাপুরে পরাজিত মন্ত্রী ও আড্ডার চেয়ারম্যান, পান্ডবেশ্বরে হার তৃণমূলের জেলা সভাপতির
*বেঙ্গল মিরর, দুর্গাপুর ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল উত্তর বিধানসভার মতো দুর্গাপুর পূর্বে হারলেন রাজ্যের আরো এক মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি ৩০ হাজার ৯৩৪ ভোটে হেরেছেন বিজেপির চন্দ্রশেখর বন্দোপাধ্যায়ের কাছে। বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট ১ লক্ষ ৮ হাজার ৮৮৮। সেখানে প্রদীপ মজুমদার পেয়েছেন ৭৭ হাজার ৯৫৪ ভোট। অন্যদিকে, দুর্গাপুর পশ্চিমে পরাজিত হয়েছেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের প্রার্থী কবি দত্ত। এই বিধানসভায় এবারের নির্বাচনে জিতে দ্বিতীয়বারের জন্য বিধায়ক হলেন বিজেপির লক্ষণ ঘোড়ুই। বিজেপি প্রার্থী এখানে জিতেছেন ৩৭, ৫৯৮ ভোটে।














বিজেপির লক্ষ্মণ ঘোড়ুই ও তৃণমূল কংগ্রেসের কবি দত্তর প্রাপ্ত ভোট ১ লক্ষ ১৪ হাজার ৭২৯ ও ৭৭ হাজার ১৩১ ভোট। এদিকে, পান্ডবেশ্বরে পরাজিত হয়েছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি হেরেছেন বিজেপি প্রার্থী আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র তথা পান্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। জয়ের মার্জিন কম হলেও জিতেন্দ্র তেওয়ারি এবারে জিতে ২০২১ সালের মধুর প্রতিশোধ নিলেন। জিতেন্দ্র তেওয়ারি জিতেছেন ১৩৯৮ ভোটে। এই বিধানসভায় বিজেপি ও তৃণমূল প্রার্থীর প্রাপ্ত ভোট যথাক্রমে ৮০,৫০১ ও ৭৯, ১০৩ ভোট। এই তিন বিধানসভার তিন জয়ী বিজেপি প্রার্থী তাদের জয় এলাকার সাধারণ মানুষের জয় বলে উল্লেখ করেন।

