ASANSOL

দুর্গাপুরে দখল হওয়া ক্লাব ফিরিয়ে দিল বিজেপি সতর্কবার্তা দিতে এলাকায় মাইকিং

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* নির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতিক পালাবদলের আবহে একের পর এক ক্লাব ও শাসকদলের দলীয় কার্যালয় দখলের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। যদিও প্রতিটি ঘটনার ক্ষেত্রে বিজেপির দাবি, এই ধরনের ঘটনার সঙ্গে দলের পুরনো কর্মীদের কোনও যোগ নেই। তাদের বক্তব্য, কিছু সুযোগসন্ধানী ব্যক্তি রাতারাতি বিজেপির পতাকার তলায় আশ্রয় নিয়ে এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছিল।এই আবহেই দুর্গাপুরের চন্ডীদাস এলাকায় দখল হওয়া একটি ক্লাব ফেরত দেওয়ার ঘটনা সামনে এল।

অভিযোগ, স্থানীয় দেশবন্ধু বয়েজ ক্লাব দখল হয়ে গিয়েছিল। বিষয়টি সামনে আসতেই বিজেপি নেতৃত্ব এলাকায় মাইকিং করে সতর্কবার্তা দেয় কোনওরকম অশান্তি বা দখলদারি বরদাস্ত করা হবে না। এরপর বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে চন্ডীদাস হেল্থ সেন্টার সংলগ্ন দেশবন্ধু বয়েজ ক্লাবটি পুনরায় ক্লাব কর্তৃপক্ষের হাতে তুলে দেন দলের স্থানীয় নেতৃত্ব।এই প্রসঙ্গে বিজেপি নেতা পারিজাত গাঙ্গুলী বলেন, কোথাও কোনও অশান্তি হোক, আমরা চাই না।

ক্লাবটি দখল হওয়ার খবর পেয়েই এখানে এসেছি। যারা এই ক্লাবের সদস্য, তাদের হাতেই ক্লাব ফিরিয়ে দেওয়া হল। তিনি আরো বলেন, যারা এইসব ঘটনা ঘটাচ্ছে, তারা কেউ বিজেপি কর্মী নন। বিজেপি জেতার পরে কিছু সুযোগসন্ধানী লোক এইসব কাজ করে দলের বদনাম করার চেষ্টা করছে। আমরা তা হতে দেবোনা।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *