ASANSOLKULTI-BARAKAR

কুলটিতে তৃণমূল কাউন্সিলরের অফিসে তালা, পরিস্থিতি সামলাতে পুলিশ রাতভর উত্তেজনা

*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমানের কুলটি নিউ রোড এলাকায় আসানসোল পুরনিগমের ৭২ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর চৈতন্য মাজির অফিসকে কেন্দ্র করে বুধবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠে যে শেষ পর্যন্ত কুলটি থানার পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখতে কাউন্সিলর চৈতন্য মাজিকে পুলিশ এলাকা থেকে নিয়ে যায়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।জানা গেছে, কুলটির নিউরোড এলাকায় একটি ভবনে কাউন্সিলর চৈতন্য মাজির অফিস রয়েছে। সেই একই ভবনে বসবাসকারী একটি পরিবার রয়েছে। অভিযোগ, সেই পরিবারের সদস্যরা কাউন্সিলারের অফিসে ভিতর থেকে তালা লাগিয়ে দেয়।

কাউন্সিলর চৈতন্য মাজির দাবি, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর এলাকায় শান্তি বজায় রাখার উদ্দেশ্যে আমি টানা দু’দিন অফিসে আসেননি। বুধবার রাতে অফিসে এসে তিনি দেখতে পান ভেতর থেকে দরজা বন্ধ করা রয়েছে।এরপর তিনি ওই পরিবারের সদস্যদের তালা খোলার অনুরোধ করেন। কিন্তু তারা স্পষ্টভাবে সেই তালা খুলতে অস্বীকার করেন। কাউন্সিলরের অভিযোগ, যেহেতু ঐ পরিবার বাড়ির মালিক নন। তাই অফিসে তালা লাগানোর অধিকার তাদের নেই । এই ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয়। যা দ্রুত বড় ধরনের গন্ডগোলের চেহারা নেয়।ঘটনাস্থলে বিপুল সংখ্যায় মানুষ জড়ো হয়ে পড়েন।

পরিস্থিতি সামাল দিতে কুলটি থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উত্তেজনা ক্রমশ বাড়তে থাকায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে পুলিশ শেষ পর্যন্ত তৃণমূল কাউন্সিলর চৈতন্য মাজিকে পুলিশ এলাকা থেকে সরিয়ে নিয়ে যায়। পরে তার সঙ্গে কথা বলে তাকে ছেড়ে দেওয়া হয়।গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় উত্তেজনা রয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *