ASANSOL

আসানসোলে রাস্তায় বেআইনি দখলদার উচ্ছেদ অভিযানের তোড়জোড়, পুরনিগমের তরফে মাইকিং

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের পক্ষ থেকে আগামী ১৬ মে শনিবার হটন রোড এলাকায় অবৈধ দখলদার উচ্ছেদের জন্য বিশেষ অভিযান চালানো হবে। সেই অভিযানকে সামনে রেখে বুধবার থেকে হটন রোড জুড়ে মাইকিং শুরু করেছে পুরনিগম। দোকানদার ও অবৈধ দখলকারীদের রাস্তা ও ফুটপাথ থেকে বেআইনি নির্মাণ সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। মাইকিংয়ে বলা হচ্ছে, আগামী ১৫ মে শুক্রবারের মধ্যে সবকিছু সরিয়ে নিয়ে যেতে হবে। এদিকে, এদিন মাইকিং শুরু হতেই হটন রোড ও সংলগ্ন এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। বহু দোকানদার নিজেদের দোকানের সামনে তৈরি করা শেড, টিন, বাঁশের কাঠামো ও অস্থায়ী নির্মাণ খুলতে ব্যস্ত হয়ে পড়েছেন। অন্যদিকে, এবার পুরনিগম কতটা কড়া পদক্ষেপ নেবে তা নিয়ে ব্যবসায়ীদের একাংশের মধ্যে উদ্বেগও দেখা দিয়েছে।পুরনিগম সূত্রে জানা গেছে, আগামী ১৬ মে শনিবার সকাল এগারোটা থেকে জিটি রোডের হটন রোড মোড় থেকে এসবি গড়াই রোডের ইসমাইল মোড় পর্যন্ত পুলিশ প্রশাসন ও অন্যান্য দপ্তরকে সঙ্গে নিয়ে যৌথভাবে এই উচ্ছেদ অভিযান চালানো হবে।

শুক্রবার পর্যন্ত তাই সময় দেওয়া হয়েছে। রাস্তা ও ফুটপাথ দখল করে থাকা বেআইনি কাঠামো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা এবং দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধান করাই এই অভিযানের মূল উদ্দেশ্য বলে আসানসোল পুরনিগমের তরফে বলা হয়েছে।উল্লেখ্য, এর আগেও একাধিকবার এই হটন রোডে উচ্ছেদ অভিযানের ঘোষণা করা হলেও নানা কারণে তা সম্পূর্ণ করা সম্ভব হয়নি। তবে এবার পুরনিগমের প্রস্তুতি দেখে এলাকাবাসীর একাংশের ধারণা, প্রশাসন এবার কড়া অবস্থান নিতেই পারে। তার অন্যতম কারণ, রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *