জামুড়িয়ায় প্রাক্তন কাউন্সিলরের বাড়ির সামনে মিলল আধার কার্ড ও নথি , তদন্তের দাবিতে সরব বিজেপি
*বেঙ্গল মিরর, জামুড়িয়া, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের জামুড়িয়ায় বুধবার সামনে এলো এক চাঞ্চল্যকর ঘটনা। আসানসোল পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডের নন্ডী গ্রামে প্রাক্তন কাউন্সিলর পম্পা ভট্টাচার্যের বাড়ির অদূরে পুকুরের পাড় থেকে উদ্ধার হলো একাধিক আধার কার্ড ও বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে শোরগোল পড়ে যায়।














স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে এলাকার মানুষেরা প্রাক্তন কাউন্সিলারের বাড়ির সামনে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখেন আধার কার্ড ও অন্যান্য নথি। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জামুড়িয়া থানার পুলিশ। পুলিশ সমস্ত নথিপত্র ও আধার কার্ড উদ্ধার করে তদন্তের জন্য নিয়ে যায়।ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।

বিজেপি নেতা নিরঞ্জন সিং অভিযোগ করে বলেন, একজন প্রাক্তন কাউন্সিলরের বাড়ির সামনে এভাবে আধার কার্ড ও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হওয়া তৃণমূল আমলের দুর্নীতির ছবিকেই সামনে আনছে। তাঁর দাবি, এর পিছনে বড় ধরনের দুর্নীতির লেনদেন জড়িত থাকতে পারে।নিরঞ্জন সিং পুলিশ প্রশাসনের কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে বলেন, নিরপেক্ষ তদন্ত হলেই প্রকৃত সত্য সামনে আসবে।অন্যদিকে, পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি ঘটনার সমস্ত দিক তদন্ত করে দেখা হবে বলে পুলিশ জানায়।এই প্রসঙ্গে পম্পা ভট্টাচার্যের স্বামী সনৎ ভট্টাচার্য বলেন, এর সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই। পুলিশ তদন্ত করে দেখুক।
