ASANSOLPANDESWAR-ANDAL

অন্ডালে ইসিএলের কোলিয়ারিতে এয়ার ব্লাস্ট, অল্পের জন্যে রক্ষা কর্মীদের

*বেঙ্গল মিরর, অন্ডাল, রাজা বন্দোপাধ্যায়:* ইসিএলের কেন্দা এরিয়ার সিঁদুলি কোলিয়ারিতে সোমবার সকালে এয়ার ব্লাস্ট হয়। ব্লাস্ট এতটাই জোর ছিল যে কয়লাখনির পার্শ্ববর্তী এলাকা বাউরি পাড়া ও মাঝি পাড়া পর্যন্ত কেঁপে উঠে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। অল্পের জন্যে রক্ষা পেয়েছেন খনি কর্মীরা।জানা গেছে, রবিবার নাইট শিফটের কাজ শেষ হওয়ার পরে সোমবার সকালে খনির ভেতরে শুধু মেন্টেনেন্স বা রক্ষণাবেক্ষণের কাজ চলছিল।

সেই সময় মাত্র ২ জন কর্মী ডিউটিতে ছিলেন। দুই কর্মীকেই সঙ্গে সঙ্গে নিরাপদে বাইরে বার করে আনা হয়। পরে তাদ স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।স্থানীয় বাসিন্দা ও খনি বিশেষজ্ঞদের বক্তব্য, এই দুর্ঘটনা যদি অন্য কোনো সাধারণ কাজের দিনে ঘটতো, তবে খনির ভেতরে ১০০-র বেশি শ্রমিক আটকে পড়তেন। বড় ধরনের প্রাণহানি ঘটতে পারতো।ইসিএল সূত্রে পাওয়া অনুযায়ী, বন্ধ থাকা শঙ্করপুর ওসিপি (ওপেন কাস্ট প্রজেক্ট) এবং পুরনো বন্ধ সিম থেকে প্রচুর পরিমাণে জল চুইয়ে ভূগর্ভস্থ খনিতে ঢুকে পড়ে।

এই চাপের ফলেই এয়ার ব্লাস্টের ঘটনা ঘটে।ঘটনার খবর পাওয়া মাত্রই ইসিএল কর্তৃপক্ষের উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছান। নিরাপত্তার খাতিরে পুরো কোলিয়ারি এলাকা ঘিরে ফেলা হয়েছে।এই মারাত্মক দুর্ঘটনার পর কোলিয়ারির পরিচালনা ও ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন উঠে দাঁড়িয়েছে।প্রসঙ্গতঃ, সিঁদুলি কোলিয়ারিতে প্রায় ৫৫০ জন শ্রমিক কর্মরত রয়েছেন। এই কোলিয়ারি থেকে প্রতিদিন গড়ে ২২০ টন কয়লা উৎপাদন হয় বলে ইসিএল সূত্রে জানা গেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *