ASANSOL

বন্ধ ঘর থেকে বৃদ্ধার পচাগলা মৃতদেহ উদ্ধার রূপনারায়ণপুরে চাঞ্চল্য

*বেঙ্গল মিরর, রুপনারায়নপুর ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* বাড়ির ভেতর থেকে আসছিল তীব্র দুর্গন্ধ। সন্দেহ হওয়ায় প্রতিবেশীরা পুলিশে খবর দিলে উদ্ধার হয় ঐ বাড়ির ভেতর থেকে এক বৃদ্ধার পচাগলা মৃতদেহ। শুক্রবার আসানসোলের সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির উত্তরামপুর জিৎপুর গ্রাম পঞ্চায়েতের অরবিন্দ নগর জোড়া মন্দির এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।পুলিশ সূত্রে জানা গেছে, মৃত বৃদ্ধার নাম প্রতিভা গুহ (৭২)। তিনি ওই বাড়িতে দীর্ঘকাল ধরে একাই বসবাস করতেন। তার স্বামী হিন্দুস্তান কেবলসে কাজ করতেন। পরে গুহ পরিবার অরবিন্দ নগরে বাড়ি তৈরি করে বসবাস শুরু করেন। স্থানীয় বাসিন্দা সুমিত মণ্ডল বলেন, গত কয়েক দিন ধরেই এলাকায় এক ধরণের দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল।

প্রাথমিকভাবে প্রতিবেশীরা ভেবেছিলেন কোনো পশু বা কুকুর হয়তো মারা গেছে। শুক্রবার সকালের পরে দুর্গন্ধর মাত্রা খুব বেড়ে যায়। তখন আমি ও আমার স্ত্রী আশপাশের জঙ্গলে তল্লাশি চালাই। কিন্তু কিছু পাইনি। শেষ পর্যন্ত বুঝতে পারি দুর্গন্ধটা প্রতিভা গুহর বন্ধ ঘর থেকেই আসছে। সুমিতবাবুর কথায় “গন্ধটা এতটাই তীব্র ছিল যে মনে হচ্ছিল কেউ চামড়া গলাচ্ছে। তখনই আমরা বুঝতে পারি বড় কোনো দুর্ঘটনা ঘটেছে এবং তড়িঘড়ি রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হয়।সেই খবর পেয়ে পুলিশ এলাকায় পৌঁছায়। প্রতিবেশীদের উপস্থিতিতে বন্ধ ঘরের দরজা ভেঙে ভেতরে পুলিশ ঢোকে।

দেখা যায়, বৃদ্ধার নিথর দেহটি ঘরের মেঝের ওপর পড়ে রয়েছে এবং তাতে পচন ধরেছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।পুলিশ জানায়, ময়নাতদন্তের রিপোর্ট এলেই বৃদ্ধার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই ঘটনা একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। এদিকে, বৃদ্ধার পরিবারের অন্য কোনো সদস্য সেখানে না থাকায়, পুলিশ আপাতত বাড়িটিতে তালা লাগিয়ে দিয়েছে। একা বাস করা বৃদ্ধার এই মর্মান্তিক পরিণতিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *