ASANSOL

মন্ত্রী হয়ে নাচ করা কি অপরাধ? রানিগঞ্জে বিজয় মিছিলে অগ্নিমিত্রা পালের খোলাখুলি জবাব

*বেঙ্গল মিরর, আসানসোল ও রানিগঞ্জ, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যের পুর ও নগরোন্নয়ন এবং শিশু ও নারী কল্যান দপ্তরের মন্ত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল রবিবার নিজের বিধানসভা কেন্দ্রের রানিগঞ্জের বাঁশরা এলাকায় যান। সেখানে বিজেপি কর্মী-সমর্থকেরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে একটি খোলা জিপে করে এলাকায় বিজয় মিছিল বের করা হয়। মিছিলে জিপের উপর দাঁড়িয়ে গানের তালে তালে মন্ত্রী অগ্নিমিত্রা পালকে নাচতেও দেখা যায়।পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অগ্নিমিত্রা পাল বলেন, বিধায়ক ও মন্ত্রী হওয়ার পর নাচ করা কি নিষেধ?” তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর পর এই এলাকার মানুষ মুক্ত হাওয়ায় নিঃশ্বাস নিতে পারছেন।

সেই কারণেই সাধারণ মানুষ ও কর্মী-সমর্থকদের মধ্যে স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস দেখা গেছে। তাই সবার সঙ্গে আনন্দে মেতে উঠলাম।তিনি আরও বলেন, এদিন যখন এখানে এসেছি, তখন সাধারণ মানুষ এবং আমাদের কর্মী-সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস চোখে পড়েছে। তাই আমিও তাঁদের সঙ্গে পা মিলিয়েছি। মানুষের সঙ্গে সুস্থ সংস্কৃতির চর্চাও করবো ও আবার বিধায়ক হিসেবে উন্নয়নের কাজও করব।

এদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও মন্তব্য করেন অগ্নিমিত্রা পাল। এই তিনি বলেন, যদি রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁদের ফাইল খোলা হয়, তাহলে সেটি কোনও অন্যায় হবে না। যদি কোনও ভুল কাজ হয়ে থাকে, তাহলে তারও হিসেব হওয়া উচিত। পাশাপাশি তিনি বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে রাজ্য সরকারের সমস্ত বিভাগকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। মানুষের কাজের ক্ষেত্রে কোনও রকম অবহেলা বরদাস্ত করা হবে না। সবাইকে আইন মেনে কাজ করতে হবে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *