ASANSOLRANIGANJ-JAMURIA

বেতন বৃদ্ধির সহ একাধিক দাবি জামুড়িয়ায় কারখানার গেটের সামনে বিক্ষোভ ঠিকা কর্মীদের

*বেঙ্গল মিরর, জামুরিয়া, রাজা বন্দোপাধ্যায়ঃ* জামুড়িয়ায় বেসরকারি কারখানা গেটে বিক্ষোভ ঠিকা কর্মীদের। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে সোমবার সকালে উত্তাল হয়ে উঠে আসানসোল জামুড়িয়ার ইকড়া শিল্পতালুকে একটি বেসরকারি কারখানা চত্বর।অভিযোগ, কারখানার ঠিকা কর্মীদের সরকার নির্ধারিত মজুরি দেওয়া হচ্ছে না। কর্মীদের দাবি, যেখানে দৈনিক ৭৮৩ টাকা মজুরি পাওয়ার কথা, সেখানে তাদের মাত্র ৩৩৫ টাকা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি নিরাপত্তার অভাব, মাসে চারদিন ছুটির দাবিতেও সরব হন কর্মীরা।এইসব দাবিতে, সোমবার সকালে কারখানার সমস্ত ঠিকা কর্মীরা একজোট হয়ে কারখানার মূল গেটের সামনে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য কারখানার উৎপাদনও বন্ধ হয়ে যায় বলে দাবি কারখানা কর্তৃপক্ষের।

বিক্ষোভকারী কর্মীদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই তারা কম মজুরিতে কাজ করতে বাধ্য হচ্ছেন। বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও সমস্যার সমাধান হয়নি। তাই বাধ্য হয়েই আন্দোলনের পথে নামতে হয়েছে।অন্যদিকে, কারখানা কর্তৃপক্ষ জানায়, তাদের পক্ষ থেকে সমস্ত নিয়ম মেনেই ব্যবস্থা করা হয়।

তবে ঠিকাদার সংস্থার মাধ্যমে নিয়োগ হওয়া শ্রমিকদের বেতন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত খোঁজ নিয়ে দেখা হবে। ঠিকাদারের সঙ্গে আলোচনা করে দ্রুত সঠিক ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়।পরে কর্তৃপক্ষের আশ্বাসে এদিনের মতো বিক্ষোভ তুলে নেন কর্মীরা। তবে দ্রুত দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন কারখানার কর্মীরা।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *