সরকার বদলের পরেই বার্নপুরে চললো বুলডোজার, ভাঙা হল তৃণমূল যুব কংগ্রেসের কার্যালয়
*বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরেই এবার বার্নপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের উপর চলল বুলডোজার। মঙ্গলবার বার্নপুর ত্রিবেণী মোড় সংলগ্ন আইএসপি সেলের এবি টাইপ কোয়ার্টার এলাকার ভেতরে থাকা তৃণমূল যুব কার্যালয় জেসিবি মেশিন দিয়ে ভেঙে দেয় সেল আইএসপি বা ইস্কো কারখানা কর্তৃপক্ষ। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে বার্নপুর শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, বেশ কিছুদিন আগেই বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পরেই বার্নপুরে সেল আইএসপি বা ইস্কো কারখানার জমিতে অবৈধ দখলদারি উচ্ছেদের জন্য সেলের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়েছিল।














সেই নোটিশের ভিত্তিতেই এদিন বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়। সেলের জমির ভেতরে থাকা তৃণমূল যুব কংগ্রেসের ঐ কার্যালয়কে অবৈধ নির্মাণ বলেই দাবি করা হয়েছে সেলের তরফে। বলা হয়েছে, আইন মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ঠিক কি কারণে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনের দলীয় কার্যালয় ভাঙা হল, তা নিয়ে স্পষ্টভাবে কিছু বলতে চাননি সেলের আধিকারিকরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।
তৃণমূল যুব কংগ্রেসের নেতা অভীক গোস্বামী বলেন, রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পরই বিরোধী দলগুলির কার্যালয়ের উপর প্রশাসনিক কড়াকড়ি বাড়ানো হচ্ছে। বার্নপুরেও এদিন এই ঘটনা ঘটেছে। আমাদের দলকে বাংলার মানুষ সমর্থন করেননি। তাই আমরা হেরে গেছি। তিনি বলেন, বর্তমান শাসক দল ও সরকার চায় না বিরোধী দল থাকুক। তাই এই প্রতিহিংসা। সময় কথা বলবে। যদিও এই অভিযোগ নিয়ে বিজেপির কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

