কুলটিতে যানজট আটকাতে ট্রাফিক গার্ডের মাইকিং বেআইনি পার্কিংয়ে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পুলিশের
*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল শহরের পরে এবার কুলটি থানার নিয়ামতপুর বাজার এলাকায় ক্রমবর্ধমান যানজট নিয়ন্ত্রণে এবার কড়া অবস্থান নিল কুলটি থানার নিয়ামতপুর সাব ট্রাফিক গার্ড পুলিশ। নিয়ামতপুর বাজার এলাকায় অবৈধ পার্কিং এবং নিয়ম না মেনে পার্কিংয়ের কারণেই যানজট তৈরি হচ্ছে বলে জানিয়েছে ট্রাফিক গার্ড পুলিশ । সেই যানজট সমস্যা দূর করতে সচেতনতামূলক প্রচার শুরু হয়েছে মাইকিংয়ের মাধ্যমে। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ আধিকারিকরা সেই মাইকিং করেন।ট্রাফিক গার্ডের এক আধিকারিক বলেন, বাজারে অনেকেই রাস্তার উপর যেখানে সেখানে গাড়ি রেখে কেনাকাটা করতে চলে যান। এর ফলেই রাস্তায় যান চলাচল ব্যাহত হচ্ছে।














পথচলতি সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। তাই প্রথম পর্যায়ে সচেতন করা হলেও ভবিষ্যতে আইন ভাঙলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।তিনি বলেন, রাস্তায় অবৈধভাবে পার্কিং করে রাখা গাড়ির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ট্রাফিক গার্ডের পক্ষ থেকে প্রসিকিউশনও করা হবে।”শুধু নিয়ামতপুর বাজার নয়, নিয়ামতপুর ট্রাফিক গার্ডের অধীন সমস্ত এলাকাকেই যানজটমুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানান তিনি। সাধারণ মানুষ যাতে স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারেন এবং বিশেষ করে সন্ধ্যার সময় নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন, সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ বলে দাবি ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকের।

