ট্রাকের সঙ্গে ট্রেলারের সংঘর্ষ,আগুনে পুড়ে ছাই দুটি গাড়ি,অগ্নিদগদ্ধ হয়ে মৃত্যু এক চালকের
.. *বেঙ্গল মিরর, কাঁকসা, রাজা বন্দোপাধ্যায়ঃ* ট্রাকের সঙ্গে ট্রেলারের সংঘর্ষে মৃত্যু হলো এক চালকের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কে কাঁকসার ধোবারু মোড়ের কাছে।জানা গেছে, একটি পাথর বোঝাই ট্রেলার বীরভূম থেকে পানাগড়ের দিকে আসছিল। দুর্গাপুরের কাঁকসার ধোবারু মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ডান দিকের অংশে ধাক্কা মারে ট্রেলারটি। সংঘর্ষের পরেই দুটি গাড়িতে আগুন লেগে যায়। ট্রেলারের ভেতরে আটকে পড়েন চালক। অগ্নিদগ্ধ হয়ে গাড়ির ভেতরেই মৃত্যু হয় চালকের।













অন্যদিকে ঐ গাড়ির খালাসি এবং ট্রাকের চালক ও খালাসী কোন মতে গাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যান। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানা ও কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় আধঘণ্টারও বেশি সময় ধরে দমকল বাহিনীর কর্মীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিদগদ্ধ হয়ে যাওয়া চালকের দেহ ইঞ্জিনের ভিতর থেকে মেশিনের দ্বারা কেটে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। দুর্ঘটনার জেরে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পুলিশ মৃতদেহ উদ্ধার করার পর গাড়ি দুটিকে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।


