ASANSOLDURGAPUR

দুর্গাপুরে এসডিও অফিস সংলগ্ন মদের দোকানে দুঃসাহসিক চুরি তালা ভেঙে নগদ ৫ লক্ষ লুঠ

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুর মহকুমাশাসক বা এসডিও অফিসের ঠিক পাশেই পার্ক সংলগ্ন একটি মদের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। রবিবার মধ্য রাতে এই ঘটনাটি ঘটেছে। সোমবার সকালে এই চুরির ঘটনার কথা জানাজানি হওয়ার পরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। চোরেদের কীর্তি দোকানে লাগানো সিসি ক্যামেরায় ধরা পড়েছে। অভিযোগ, রবিবার রাত আড়াইটে নাগাদ মদের দোকানের পেছনের পাঁচিল টপকে ঢোকে চোরেরা। এরপর তারা কুড়ুল দিয়ে দোকানের পেছনের দরজার তালা ভাঙে। তারপর দোকানের ভেতরে ঢোকে দুই চোর। এরপর ক্যাশ কাউন্টার খুলে প্রায় ৫ লক্ষ টাকা নগদ এবং একাধিক দামি মদের বোতল চুরি করে পালিয়ে যায় তারা।

দোকানের তরফে অভিজিৎ মাঁকড় জানিয়েছেন, সকালে দোকান খুলতে এসে পিছনের দরজার ভাঙা তালা দেখতে পান কর্মীরা। পরে ভিতরে ঢুকে দেখা যায় ক্যাশ কাউন্টার ফাঁকা এবং বেশ কয়েকটি মূল্যবান মদের বোতলও উধাও। তিনি আরো বলেন, শনিবার ও রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকায় ক্যাশ কাউন্টারে নগদ ৫ লক্ষ টাকা ছিলো। সব চোরেরা নিয়ে গেছে। একটা কয়েন পর্যন্ত কাউন্টারে নেই।এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।চুরির পুরো ঘটনাটি দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বলে জানিয়েছেন তিনি।

সেই ফুটেজে চোরদেরকে দোকানের ভিতরে ঢুকে চুরির ঘটনা ঘটাতে দেখা গেছে। খবর পেয়ে নিউটাউন শিপ থানার পুলিশ আসে। সেই ফুটেজের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় নিউ টাউন শিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

সেই ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশ আরো জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।প্রশাসনের গুরুত্বপূর্ণ দপ্তরের একেবারে পাশেই এমন দুঃসাহসিক চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *