Sunday, July 12, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Sunday, July 12, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

পানাগড় বাজারে পুলিশের হানা, উদ্ধার ৫ কেজিরও বেশি গাঁজা, আটক এক মহিলা

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসার পানাগড় বাজারের ক্যানেলপাড় এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাঁকসা থানার পুলিশ। রবিবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পানাগড় বাজার এলাকায়। এই ঘটনায় এক মহিলাকে আটক করে জেরা করা হচ্ছে। জানা গেছে, রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে পানাগড় বাজার এলাকার ক্যানেলপাড়ের বাসিন্দা শেখ সামুর বাড়িতে হানা দেয় কাঁকসা থানার পুলিশ। পুলিশের এই অভিযান ছিলেন এসিপি আলি রেজা, কাঁকসা থানার আইসি বা ইন্সপেক্টর ইনচার্জ অমিত দেব সহ বিশাল পুলিশ বাহিনী।

যদিও, পুলিশের অভিযানের খবর পেয়ে অভিযুক্ত শেখ সামু বাড়ি ছেড়ে পালিয়ে যায় বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই শেখ সামু ও তার স্ত্রী জুলি বেগম এলাকায় গাঁজার কারবারের সঙ্গে যুক্ত। আরো অভিযোগ, টোটো চালকের আড়ালে শেখ সামু বাড়িতেই গাঁজা ছোট ছোট প্যাকেটে ভরে বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করত। এদিন তল্লাশি চালিয়ে বাড়ির বিভিন্ন জায়গা থেকে একাধিক প্যাকেট উদ্ধার করে পুলিশ। পরে উদ্ধার হওয়া গাঁজা ওজন করা হয়। তাতে দেখা যায়, মোট ৫ কেজি ১৫০ গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে।

এই বিপুল পরিমাণ গাঁজা শুধুমাত্র খুচরো বিক্রির জন্য মজুত করা হয়েছিল, নাকি কোন পাচার চক্রের সঙ্গে এর যোগ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।অভিযানের পরে শেখ সামুর স্ত্রী জুলি বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য কাঁকসা থানায় নিয়ে যায় পুলিশ। পলাতক শেখ সামুর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এই গাঁজার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে ও এই গাঁজা কোথা থেকে আনা হয়েছে, তা জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *