KULTI-BARAKAR

নবান্নে কুলটির ‘ডাক্তারবাবু’? মন্ত্রীসভায় পদ পাওয়া নিয়ে জল্পনা শিল্পাঞ্চলে

বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ রাজ্যের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন কুলটির বিধায়ক ডাঃ অজয় কুমার পোদ্দার? রাজনৈতিক মহলে জোর জল্পনা, তাঁকে রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে। যদিও এ বিষয়ে এখনও কোনও সরকারি ঘোষণা হয়নি। তবুও এই সম্ভাবনাকে ঘিরে কুলটি সহ সমগ্র শিল্পাঞ্চলে উৎসাহের আবহ তৈরি হয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, চিকিৎসা পরিষেবার পাশাপাশি দীর্ঘদিন ধরে সামাজিক কাজ, জনসংযোগ এবং এলাকার উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন ডাঃ পোদ্দার। সেই কারণেই সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় তাঁর নাম বিশেষ গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে এসেছে।
কুলটি ও সংলগ্ন শিল্পাঞ্চলের উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে তাঁর অভিজ্ঞতা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করছেন অনেকেই। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, যদি তিনি শিল্প দফতরের দায়িত্ব পান, তবে এলাকার শিল্পোন্নয়নে নতুন গতি আসতে পারে।


স্থানীয়দের মতে, কুলটি বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবারের মতো কোনও জনপ্রতিনিধি রাজ্য মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন। ফলে স্বাভাবিকভাবেই এলাকার মানুষের প্রত্যাশাও বেড়েছে। তাঁদের বিশ্বাস, ডাঃ পোদ্দার মন্ত্রী হলে কুলটি তথা সমগ্র পশ্চিম বর্ধমান জেলার উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।
এই খবরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। তবে সমস্ত জল্পনার অবসান ঘটবে সরকারি ঘোষণার পরেই। আপাতত কুলটি এবং গোটা শিল্পাঞ্চলের নজর রাজ্য সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *