সালানপুরে মিনিবাস চালকের উপরে হামলার ঘটনায় গ্রেফতার ১
*বেঙ্গল মিরর, সালানপুর ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের সালানপুর থানার দেন্দুয়া কল্যাণেশ্বরী রোডে মিনিবাস চালকের উপরে বেশ কয়েক দিন আগে হামলার ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্তে নেমে এক যুবককে গ্রেফতার করলো কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ। ধৃত যুবকের নাম আশিক রুইদাস। ধৃত যুবক সালানপুর জেমারী হাটতলা রুইদাস পাড়ার বাসিন্দা।ঘটনা সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে সালানপুরের দেন্দুয়া-কল্যাণেশ্বরী রোডের দেন্দুয়া হাসপাতালের কাছে একটি চলন্ত মিনিবাসকে জোরপূর্বক থামায় জনা কয়েক যুবক।













অভিযোগ, কোনো কিছু বুঝে উঠার আগেই মিনিবাস চালকের ওপর চড়াও হয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। হামলা এতটাই বেশি ছিল যে মিনিবাস চালক গুরুতর আহত হন।ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ। আহত চালককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা হয়।সম্প্রতি, সেই মারধরের সিসিটিভি ফুটেজের একটি অংশ ভাইরাল হয়।
ভিডিও সামনে আসতেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের সনাক্ত করতে তদন্তে নামে পুলিশ। সেই তদন্তে শনিবার সকালে দেন্দুয়া এলাকায় একটি কারখানার সামনে থেকে অভিযুক্তদের মধ্যে অন্যতম আশিক রুইদাসকে গ্রেফতার করে পুলিশ। এদিনই ধৃতকে আসানসোল আদালতে পেশ করা হয়। ঘটনার সঙ্গে যুক্ত বাকি অভিযুক্তরা বর্তমানে পলাতক বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাদের সন্ধানে জোরকদমে তল্লাশি চালানো হচ্ছে পুলিশ জানায়।

