ASANSOL

উত্তরপ্রদেশ থেকে বাংলায় পাচারের ছক পানাগড়ে ট্রেন থেকে উদ্ধার দুটি বিরল প্রজাতির কচ্ছপ, ধৃত ১

*বেঙ্গল মিরর, পানাগড়, রাজা বন্দোপাধ্যায়ঃ* উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গে কচ্ছপ পাচারের ছক ! ট্রেন থেকে পানাগড় রেল পুলিশ উদ্ধার করল দুটি বিরল ভারতীয় প্রজাতির কচ্ছপ। একইসাথে গ্রেফতার করা হয়েছে এক পারকারীকে। উদ্ধার হওয়া কচ্ছপ দুটির ওজন প্রায় ১০ কেজি করে বলে জানা গেছে। রেল পুলিশ সূত্রে খবর, সোমবার উত্তরপ্রদেশ থেকে কচ্ছপ দুটি উত্তরাখণ্ড দুন এক্সপ্রেসে করে পশ্চিমবঙ্গে নিয়ে এসে পাচারের জন্য নিয়ে আসা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে সতর্ক হয়ে ঐ ট্রেনে উঠে পানাগড় আরপিএফ।। ট্রেনটি পানাগড় স্টেশনে পৌঁছতেই শুরু হয় তল্লাশি অভিযান।

অভিযানের সময় সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে আরপিএফ। তার কাছ থেকে উদ্ধার হয় দুটি ভারতীয় বিরল প্রজাতির কচ্ছপ। তারপর ঐ ব্যক্তিকে পানাগড় রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে তাকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম জান্না। তিনি উত্তরপ্রদেশের জগদীশপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। যদিও তদন্তকারীদের অনুমান, এই পাচারের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। প্রাথমিকভাবে জানা গেছে, কচ্ছপ দুটিকে বাংলায় এনে পাচারের পরিকল্পনা ছিল।

তবে কোথায় এবং কার কাছে সেগুলি পৌঁছে দেওয়ার কথা ছিল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।উদ্ধারের পর ধৃত ব্যক্তি এবং কচ্ছপ দুটিকে পানাগড় বন বিভাগের হাতে তুলে দেয় রেল পুলিশ। পানাগড় বন বিভাগ বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। মঙ্গলবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।

পানাগড়ের রেঞ্জার সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, ভারতীয় প্রজাতির কচ্ছপ বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতাভুক্ত। উদ্ধার হওয়া কচ্ছপ দুটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তারপর আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। এই চক্রের পিছনে আরো কেউ জড়িত আছে কিনা সেই তদন্ত শুরু হয়েছে হয়েছে বলে তিনি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *