ASANSOL

বিয়ের কার্ড দিতে গিয়ে মাইথনের ব্রিজে মর্মান্তিক পথ দুর্ঘটনায় বাবার মৃত্যু, জখম ছেলে

*বেঙ্গল মিরর, মাইথন ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আত্মীয়ের বাড়িতে বিয়ের কার্ড দিয়ে গিয়ে মর্মান্তিক এক পথ দুর্ঘটনার মুখে পড়লেন বাবা ও ছেলে। সোমবার সকালে এই পথ দুর্ঘটনাটি ঘটেছে বাংলা ঝাড়খণ্ড সীমানায় ঝাড়খন্ডের মাইথন থানার ডুবুরডিহি ব্রিজে। ভুল লেন বা রং সাইড দিয়ে আসা বেআইনি কয়লা বোঝাই একটা অটোরিক্সা বাবা ও ছেলে চেপে আসা মোটরবাইকে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় বাবা ঘটনাস্থলেই মারা যান। আর ছেলে গুরুতর আহত হন। পান্ডবেশ্বর থানার মাদারবনির বাসিন্দা মৃত ব্যক্তির নাম রাজেন্দ্র বিন।পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিম বর্ধমান জেলার পান্ডবেশ্বর থানার মাদারবানির বাসিন্দা ৫০ বছর বয়সী রাজেন্দ্র বিন তার ছেলের সাথে এদিন সকালে মোটরবাইকে করে বিয়ের কার্ড বিলি করতে ধানবাদের দিকে যাচ্ছিলেন।

ঝাড়খণ্ডের মাইথন ওপি এলাকার ডুবুরডিহি ব্রিজে, ঝাড়খণ্ড থেকে ভুল দিক দিয়ে আসা একটি অটো তাদের বাইকে সামনে থেকে ধাক্কা দেয়।প্রত্যক্ষদর্শীদের মতে, অটোরিক্সাটিতে অবৈধ কয়লা বোঝাই ছিল। সেটি দ্রুত গতিতে বাংলার দিকে যাচ্ছিল। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে রাজেন্দ্র বিন ঘটনাস্থলেই মারা যান। আর তাঁর ছেলে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। দুর্ঘটনার পর অটোচালক গাড়িটি ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে মাইথন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে চিকিৎসার জন্য ধানবাদের শহীদ নির্মল মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে (এসএনএমএমসিএইচ) পাঠায়।

পুলিশ মৃতদেহ হেফাজতে নিয়ে পরবর্তী তদন্ত শুরু করেছে।এই ঘটনার পর সমাজকর্মী রঞ্জিত মাহাতো ডুবুরডিহ চেকপয়েন্টের ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গের পুলিশ প্রায়শই ঝাড়খণ্ড থেকে আসা অটো ও বাইক চালকদের থামিয়ে তোলাবাজি করে। তাঁর মতে, এটি এড়াতে অনেক চালক ভুল দিক ব্যবহার করেন৷ যা এই এলাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তোলে। রঞ্জিত মাহাতো রাজ্য সরকারের কাছে চেকপয়েন্টে অবৈধ তোলাবাজির তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি সতর্ক করেছেন যে, এই কার্যকলাপ বন্ধ না করা হলে ভবিষ্যতে আরও মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।মাইথন ওপির পুলিশ জানায়, এই ঘটনার তদন্ত করা হচ্ছে। পলাতক অটোচালকের সন্ধান করছে পুলিশ। এর পাশাপাশি এই পথ দুর্ঘটনার কথা বিন পরিবারের সদস্যদেরকে জানিয়ে, আসতে বলা হয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *