আসানসোলে কাউন্সিলর পদ থেকে ইস্তফা সঞ্জয় নুনিয়ার
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বিভিন্ন পুরসভা, পুরনিগম, পঞ্চায়েত ও স্থানীয় প্রশাসনিক সংস্থায় তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের একের পর এক পদত্যাগের ঘটনা সামনে আসছে। সেই ধারাবাহিকতায় এবার আসানসোল পুরনিগমের ৫৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরপিতা সঞ্জয় নুনিয়া তাঁর কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিলেন।৮ জুন সোমবার তিনি আসানসোল পুরনিগমের কমিশনারের কাছে জমা দেন তার পদত্যাগ পত্র। জমা দেওয়া পদত্যাগপত্রে সঞ্জয় নুনিয়া উল্লেখ করে বলেছেন, তাঁর বাবা দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ এবং গত কয়েক মাস ধরে চিকিৎসাধীন রয়েছেন।













বাবার চিকিৎসা, হাসপাতালে যাতায়াত এবং দেখভালের প্রয়োজন। তাই তিনি পরিবারের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। সেই কারণেই তিনি কাউন্সিলারের পদ থেকে পদত্যাগ করছেন। অবিলম্বে এই আবেদনের ভিত্তিতে আমার কাউন্সিলর পদ থেকে পদত্যাগ পত্র কার্যকর করা হোক। সঞ্জয় নুনিয়ার এই পদত্যাগকে ঘিরে আসানসোলের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকা এই জনপ্রতিনিধির আকস্মিক সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই নানা জল্পনা তৈরি হয়েছে। যদিও পদত্যাগপত্রে তিনি সম্পূর্ণভাবে পারিবারিক ও ব্যক্তিগত কারণের কথাই উল্লেখ করেছেন।উল্লেখ্য, রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ভাঙনের খবর সামনে আসছে।
একাধিক পঞ্চায়েত সদস্য, প্রধান, উপপ্রধান এবং কাউন্সিলর ইতিমধ্যেই নিজেদের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। সেই তালিকায় এবার যুক্ত হল আসানসোল পুরনিগমের ৫৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের নাম।সঞ্জয় নুনিয়ার পদত্যাগপত্রের প্রতিলিপি আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, কুলটি টাউন-২ ব্লক সভাপতি কাঞ্চন রায় এবং বোরো ৮-র চেয়ারম্যানের কাছেও পাঠানো হয়েছে।


