দুর্গাপুরে চাঞ্চল্য প্রকাশ্যে দুই যুবককে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ দিনেদুপুরে দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ড এলাকায় দুই যুবককে ধাক্কাধাক্কি করে একটি চারচাকা গাড়িতে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটলো। বুধবারের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় সিটি সেন্টার এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি গাড়িতে থাকা এক মহিলা দুই যুবকের বিরুদ্ধে ধর্ষণ সহ বিভিন্ন অপরাধ এবং এলাকায় সন্ত্রাস চালানোর অভিযোগ তোলেন। খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে।প্রকাশ পাসোয়ান নামে এক ব্যক্তি বলেন, গাড়িতে তুলে নিয়ে যাওয়া দুই যুবকের মধ্যে আমার ছেলে সন্তোষ পাসোয়ান রয়েছেন।













তিনি দাবি করেন, সন্তোষ এবং অপর এক যুবক একটি মামলায় জামিন সংক্রান্ত কাজে দুর্গাপুর মহকুমা আদালতে এসেছিলেন। সেই সময় সেখান থেকে কয়েকজন বিজেপি কর্মী তাঁদের জোর করে গাড়িতে তুলে নিয়ে যান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পান্ডবেশ্বরের সন্তোষ পাসোয়ান এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। এর পাশাপাশি সে পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর এলাকায় সন্ত্রাস চালানোর অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠেছিল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে তিনি এলাকা ছেড়ে পলাতক ছিলেন বলেও অভিযোগ রয়েছে।
বুধবার সিটি সেন্টার এলাকায় তাঁকে দেখতে পাওয়ার খবর ছড়িয়ে পড়লে বিজেপি কর্মীরা সেখানে পৌঁছান। গাড়িতে থাকা এক ব্যক্তি দাবি করেন, তাঁরা সন্তোষ পাসোয়ানকে থানায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই গাড়িতে তুলেছেন।কেউ কিছু বুঝে উঠার আগেই দুর্গাপুরের সিটি সেন্টার থেকে ঐ গাড়ি বেরিয়ে যায়।পুলিশ সিটি সেন্টারে এলে প্রকাশ পাসোয়ান গোটা বিষয়টি জানান।পুলিশ জানায়, গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। রাইট নিউজ ইন হিন্দি
7


