ASANSOL

আসানসোল পুরনিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাবার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ অফিস ও পেট্রোল পাম্প ৭ দিনের মধ্যে খালি করার নোটিস ইসিএলের

.. *বেঙ্গল মিরর, কুলটি ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড বা ইসিএল আসানসোল পুরনিগমের ৫৮ নম্বর ওয়ার্ডের সদ্য পদত্যাগী তৃণমূল কাউন্সিলর সঞ্জয় নুনিয়ার বাবা রোহিত নুনিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ সামনে নিয়ে এলো । কয়লা উত্তোলনকারী সংস্থার অভিযোগ, তিনি ইসিএলের জমি বেআইনিভাবে দখল করে সেখানে ব্যক্তিগত অফিস ও একটি পেট্রোল পাম্প স্থাপন করেছেন। পাশাপাশি ইসিএল এলাকার আরও কিছু কথিত দখলকৃত জমি উদ্ধার করার প্রক্রিয়াও শুরু হয়েছে।১১ জুন ২০২৬ তারিখে ইসিএলের ধেমোমেন গ্রুপ অফ মাইনস, সোদপুর এরিয়ার পক্ষ থেকে জারি করা হয়েছে একটি নোটিস (নম্বর ECL/AGENT/DMC/2026/201)।

সেই নোটিশে বলা হয়েছে, সংস্থার পরিদর্শন ও নথিপত্র যাচাইয়ের সময় দেখা গেছে, রোহিত নুনিয়া কোম্পানির জমি বেআইনিভাবে দখল করে রেখেছেন। দুটি প্লট দখলের অভিযোগ করা হয়েছে ইসিএলের তরফে। নোটিস অনুযায়ী, পশ্চিম বর্ধমান জেলার বড়ধেমো মৌজা, জে.এল. নম্বর ০৫-এর প্লট নম্বর ১০২২ ও ১০২৩-এ অবৈধ দখল চিহ্নিত হয়েছে।ইসিএলের দাবি, প্লট নম্বর ১০২২ (ডাঙা জমি)-তে একটি অফিস ও পেট্রোল পাম্প এবং প্লট নম্বর ১০২৩ (কানালি/নালা জমি)-তে পেট্রোল পাম্প পরিচালিত হচ্ছে। সংস্থার মতে, এই দখলদারি ২০০৯ সাল থেকে চলছে।

নোটিসে স্পষ্টভাবে জানানো হয়েছে যে উক্ত জমি ইসিএলের বৈধ মালিকানা, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণাধীন। ফলে অনুমতি ছাড়া কোনও ধরনের দখল, নির্মাণ বা বাণিজ্যিক কার্যকলাপ আইন বিরুদ্ধ।রোহিত নুনিয়াকে নোটিস প্রাপ্তির ৭ দিনের মধ্যে সমস্ত অননুমোদিত নির্মাণ, সামগ্রী ও দখলদারি সরিয়ে জমি খালি করে শান্তিপূর্ণভাবে ইসিএলের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।ইসিএল সতর্ক করে বলেছে যে নির্ধারিত সময়ের মধ্যে নোটিসের নির্দেশ পালন না করা হলে প্রচলিত আইন অনুযায়ী উচ্ছেদ প্রক্রিয়া শুরু করা হবে।

এই নোটিসের প্রতিলিপি সোদপুর এরিয়ার মহাব্যবস্থাপক, আসানসোল দক্ষিণ থানার ওসি, এরিয়া ম্যানেজার (এইচআর), এইচওডি (ল্যান্ড), এরিয়া সিকিউরিটি ইনচার্জ এবং সার্ভেয়ারসহ সংশ্লিষ্ট আধিকারিকদের কাছেও পাঠানো হয়েছে।সদ্য পদত্যাগী তৃণমূল কাউন্সিলর সঞ্জয় নুনিয়ার বাবার নামে এই নোটিস জারি হওয়ার পর রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তবে এই নিয়ে রোহিত নুনিয়া ও সঞ্জয় নুনিয়ার কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *