ASANSOLDURGAPUR

দুর্গাপুরে চাঞ্চল্য বিয়ের ১দিন আগে প্রেমিকের সাথে উদ্ধার তরুণীর ঝুলন্ত দেহ

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* আর মাত্র একদিন পরেই ছিল বিয়ে। বাড়িতে চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। শুরু হয়েছিলো আত্মীয়-স্বজনদের আনাগোনা। কিন্তু সেই আনন্দের আবহ মুহূর্তে বদলে গেল শোকে। শনিবার সকালে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের জামগড়া এলাকায় একটি গাছ থেকে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃতদের নাম বিউটি বাগদি(১৯) ও সুকুমার বাগদি(২৩)।পুলিশ সূত্রে জানা গেছে, সুকুমার বাগদির বাড়ি অন্ডালের দক্ষিণখণ্ড এলাকায়। অন্যদিকে, বিউটি বাগদির বাড়ি জামগড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একে অপরকে ভালোবাসতো তারা। তবে সুকুমার বিবাহিত হওয়ায় পরিবারের তরফে বিউটির বিয়ে অন্যত্র ঠিক করা হয়েছিল। রবিবারই ছিল তার বিয়ের দিন। কিন্তু নতুন জীবনের দোরগোড়ায় পৌঁছনোর আগেই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা।

শনিবার ভোরে এলাকাবাসীরা গাছ থেকে তাঁদের ঝুলন্ত দেহ দেখতে পান। থানায় খবর দেন এলাকার বাসিন্দারা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। কি কারণে এই চরম সিদ্ধান্ত, তা খতিয়ে দেখছে পুলিশ। বিউটির আত্মীয় বিধান বাগদি বলেন, দীর্ঘদিন ধরে দুজন দুজনকে প্রেমের সম্পর্কের সূত্রে ভালোবাসতো । কিন্তু সুকুমার বিবাহিত ছিল। সেই কারণেই বিউটির বিয়ে অন্যত্র ঠিক হয়। রবিবার বিউটির বিয়ে হওয়ার কথা ছিল। তার আগেই ঘটে গেল এই ঘটনা।পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *