ASANSOLKULTI-BARAKAR

কুলটিতে রাজ্যব্যাপী প্রাকৃতিক কৃষি কর্মশালা, উদ্বোধনে মন্ত্রী ডাঃ অজয় পোদ্দার

*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়:* পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে প্রাকৃতিক চাষাবাদকে উৎসাহিত করতে রবিবার কুলটি বিধানসভা এলাকায় একটি গুরুত্বপূর্ণ রাজ্যব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। কুলটি কলেজ সংলগ্ন একটি বেসরকারি ম্যারেজ হলে অনুষ্ঠিত এই কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) ও পূর্ত (পিডাব্লুডি) মন্ত্রী ডাঃ অজয় পোদ্দার। তিনি ঐতিহ্য মেনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।কুলটির তিনটি বোরোর আওতাধীন এই কর্মশালায় প্রায় ২০০ জন কৃষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কৃষি অধিকর্তা (সালানপুর-কুলটি) রাজশ্রী বন্দ্যোপাধ্যায়, এডিএ (অ্যাডমিন) দুর্গাপুর মিলন মণ্ডল এবং দুর্গাপুর মহকুমার এডিএ (এসএম) দেবব্রত আচার্য।

বিভাগীয় আধিকারিকরা মন্ত্রীসহ উপস্থিত অতিথিদের পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান।কর্মশালার মূল লক্ষ্য ছিল কৃষকদের মধ্যে প্রাকৃতিক কৃষি পদ্ধতির প্রসার, পরিবেশবান্ধব চাষের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলা। প্রজেক্টরের মাধ্যমে প্রাকৃতিক চাষাবাদের বিভিন্ন দিক, উপকারিতা এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকদের বিস্তারিতভাবে অবহিত করা হয়।অনুষ্ঠানে কৃষি দফতরের আধিকারিকদের পাশাপাশি বিজেপির মণ্ডল সভাপতি মনমোহন রায় ও সঞ্জু ঘোষও উপস্থিত ছিলেন।

কর্মশালায় অংশগ্রহণকারী কৃষকদের উদ্দেশে বিশেষজ্ঞরা রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই কীভাবে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নত উৎপাদন করা যায়, সে বিষয়ে পরামর্শ দেন। বক্তারা জানান, প্রাকৃতিক কৃষির প্রসার ঘটলে একদিকে যেমন পরিবেশ রক্ষা পাবে, তেমনই সাধারণ মানুষের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য উৎপাদন নিশ্চিত হবে।কৃষকদের উৎসাহ ও সক্রিয় অংশগ্রহণে কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়। কৃষি বিশেষজ্ঞদের মতে, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে টেকসই কৃষি ব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *