ASANSOL

চিঠি দেওয়া হচ্ছে পুর ও নগরোন্নয়ন মন্ত্রীকে আসানসোল পুরনিগমের কাউন্সিলারদের সঙ্গে বৈঠকে মেয়র

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে আসানসোল পুরনিগমের বোরো চেয়ারম্যান থেকে কাউন্সিলাররা কাজ করতে পারছেন না। অনেকে হেনস্তার শিকার হচ্ছেন । এমন পরিস্থিতিতে সোমবার সকালে আসানসোলের কল্যাণপুর হাউজিংয়ের শুভম ম্যারেজ হলে আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এই বৈঠকে চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , ডেপুটি মেয়র ওয়াসিমুল হক , মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, রোরো চেয়ারম্যান এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।বৈঠকের পরে এই প্রসঙ্গে বিধান উপাধ্যায় বলেন , পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলের পর দেখা যাচ্ছে যে আসানসোল পুরনিগমের কাউন্সিলরদের কার্যকারিতা নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন উঠছে।

এদিন কাউন্সিলরদের ডাকা হয়েছিল। এখন কাজ করতে গিয়ে তারা কি ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছেন, তা জিজ্ঞাসা করা হয়েছে। বিধান উপাধ্যায় আরো বলেন , বিধানসভা নির্বাচনের ফলাফলের পর কাউন্সিলররা কাজ করতে কেন অসুবিধার সম্মুখীন হচ্ছেন, তা তাঁদের কাছ থেকে জানার চেষ্টা করা হয়েছে। আসানসোল পুরনিগমের ১০ টি বোরো চেয়ারম্যান অফিসে যেতে পারছেন না। কাউন্সিলাররা আসানসোল পুরনিগমে আসা কমিয়ে দিয়েছেন। কাউন্সিলাররা হেনস্তার শিকার হচ্ছেন। অনেকেই কাউন্সিলারদের বাড়িতে ঢুকে যাচ্ছেন।

এইসব কিছু জানার পরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে চিঠি লেখা হবে। এদিনই সেই চিঠি দেওয়া হবে। মন্ত্রীর সঙ্গে গোটা বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। তারপরে তিনি যা বলবেন সেই মতো সিদ্ধান্ত নেওয়া হবে। মেয়র পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন , এ বিষয়ে এখনই মন্তব্য করাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সময় তা বলবে।প্রসঙ্গতঃ, ইতিমধ্যেই আসানসোল পুরনিগমের ১০ জন বোরো চেয়ারম্যানের মধ্যে একজন পদত্যাগ করেছেন। এর পাশাপাশি একজন কাউন্সিলারও পদত্যাগ করেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *