দুর্গাপুরে তিনদিনের জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুরে প্রথম দিনের জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে উৎসাহী সাধারণ মানুষেরা শিবিরে পৌঁছে যান।কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সোমবার রাজ্য জুড়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জনকল্যাণ শিবির। রাজ্যের অন্য জেলার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের এমএএমসি টাউনশিপের রাশিয়ান হোস্টেলে চলছে এই বিশেষ শিবির।তীব্র দাবদাহকে উপেক্ষা করেও বিপুল সংখ্যায় মানুষ শিবিরে উপস্থিত হয়ে বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করছেন।













এদিন সকাল থেকেই পুরুষ ও মহিলাদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শিবিরে অন্নপূর্ণা যোজনা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং আয়ুষ্মান ভারত সহ একাধিক সরকারি প্রকল্পের আবেদনপত্র ও প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হচ্ছে। ফলে এলাকার বহু মানুষ সরাসরি শিবিরে এসে সরকারি পরিষেবার সুবিধা গ্রহণের সুযোগ পাচ্ছেন।সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী তিন দিন ধরে এই শিবির চলবে এবং যোগ্য উপভোক্তাদের আবেদন গ্রহণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে বলে প্রশাসনের তরফে বলা হয়েছে।



