বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ রানিগঞ্জে ধৃত তৃণমূল যুব নেতাকে লক্ষ্য করে ডিম, চাঞ্চল্য
*বেঙ্গল মিরর, রানিগঞ্জ, রাজা বন্দোপাধ্যায়ঃ* এবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানিগঞ্জ থানায় ধৃত তৃণমূল যুব কংগ্রেসের নেতাকে লক্ষ্য করে ডিম ছুঁড়লেন বিজেপির নেতা ও কর্মীরা। মঙ্গলবারের এই ঘটনায় রানিগঞ্জ থানা চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধৃত তৃণমূল যুব কংগ্রেসের নেতার নাম সৌমিত্র বন্দোপাধ্যায়। সোমবার রাতে গ্রেফতারের এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ সূত্রে খবর, বিজেপি নেতা রবি কেশরীর দায়ের করা অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই অভিযোগে বলা হয়েছে , ২০২৪ সালে আরজি কর (অভয়া) কাণ্ডের প্রতিবাদে বিজেপির একটি কর্মসূচি চলাকালীন তৃণমূল সমর্থিত দুষ্কৃতীরা সৌমিত্র বন্দোপাধ্যায়ের নেতৃত্বে হামলা চালায়।













এদিন ধৃতকে রানিগঞ্জ থানা থেকে আসানসোল আদালতে পেশ করা যখন বার করে পুলিশ গাড়িতে তোলা হচ্ছিলো। সেই সময় আগে থেকে থানা চত্বরে বিজেপির নেতা ও কর্মীরা তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়তে শুরু করেন। অনেকে ধৃত নেতাকে ধরতে তেড়ে যান। পুলিশ কর্মীরা কোন মতে তৃণমূল যুব কংগ্রেসের নেতাকে গাড়ির ভেতরে ঢুকিয়ে দেন।বিজেপি নেতা রবি কেশরীর দাবি, দীর্ঘদিন ধরেই তাঁদের উপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটিয়েছে এই তৃণমূল যুব কংগ্রেসের নেতা। এমনকি তাঁকে প্রাণনাশের চেষ্টাও করেছিল তৃণমূল যুব নেতা সৌমিত্র বন্দোপাধ্যায়।
ঘটনার ভিডিও ফুটেজ পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের।অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে তিনি সম্পূর্ণ নির্দোষ এবং আইনের প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন তৃনমূল যুব কংগ্রেসের নেতা সৌমিত্র বন্দোপাধ্যায়।এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপি নেতৃত্বের দাবি, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের দাবি, সরকারে থাকায় বিজেপি পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে দলের নেতা ও কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রানিগঞ্জ থানার পুলিশ বলে জানা গেছে।



