ASANSOL

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ আসানসোল পুরনিগমের আরো এক তৃণমূল কাউন্সিলারের

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর রিনা মুখোপাধ্যায় ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে নিজের পদত্যাগপত্র জমা দিলেন। বর্তমানে তাঁর পদত্যাগপত্র গৃহীত হওয়ার অপেক্ষায় রয়েছেন বলে জানা গেছে। তৃণমূল কংগ্রেসের এই কাউন্সিলার আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের কাছে পাঠিয়েছেন বলে নিজেই জানিয়েছেন। বেশ কয়েক বছর ধরে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত বিদায়ী শাসক দল তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার রিনা মুখোপাধ্যায় বলোন, সাম্প্রতিক কালে ব্যক্তিগত ও পারিবারিক পরিস্থিতির কারণে আমি এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি বলেন, এলাকার মানুষের উন্নয়ন এবং জনসেবার উদ্দেশ্য নিয়েই আমি আমার রাজনৈতিক জীবনে পথ চলা শুরু করেছিলাম।

কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনকালে সর্বদা মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।রিনা মুখোপাধ্যায় আরো বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় থেকেই আমার মা গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে আমার মায়ের মৃত্যু হয়। ব্যক্তিগত জীবনের এই গভীর শোকের মধ্যেও আমি ওয়ার্ডের মানুষের প্রতি নিজের দায়িত্ব পালনের চেষ্টা চালিয়ে গেছি। তিনি বলেন, যতটা পেরেছি করেছি। সকলের ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি। আমার দ্বারা যতটা সম্ভব হয়েছে মানুষের জন্য কাজ করেছি। ভবিষ্যতেও কেউ ফোন করলে বা সাহায্য চাইলে যথাসাধ্য পাশে থাকার চেষ্টা করব।তাঁর পদত্যাগের খবর প্রকাশ্যে আসতেই আসানসোলের রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

যদিও রিনা মুখোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, তাঁর এই সিদ্ধান্তের পেছনে কোনও রাজনৈতিক কারণ নেই। সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক পরিস্থিতির কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।আসানসোল পুরনিগমের কাউন্সিলারের পদ ছাড়লেও এলাকার মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক অটুট থাকবে এবং জনসেবামূলক কাজ ভবিষ্যতেও চালিয়ে যাবেন বলেই আশ্বাস দিয়েছেন তিনি। প্রসঙ্গতঃ, এর আগে আসানসোল পুরনিগমের একজন বোরো চেয়ারম্যান ও একজন কাউন্সিলার পদত্যাগ করেছেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *