আসানসোল পকসো কোর্টের সাজা ঘোষণা ৬ বছরের নাবালিকার শ্লীলতাহানিতে দোষী সাব্যস্ত, সালানপুরের যুবকের ৫ বছরের সশ্রম কারাদণ্ড
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* প্রায় ৪ বছর আগে দুর্গা ঠাকুর দেখানোর নামে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগের মামলায় দোষী সাব্যস্ত যুবকের বুধবার সাজা ঘোষণা করলো আসানসোল আদালতের পকসো কোর্ট। আসানসোলের সালানপুরের বাসিন্দা ঐ যুবকেরা নাম সাগর হেমব্রোম। পকসো কোর্টের বিচারক সুপর্ণা বন্দোপাধ্যায় এদিন সাজা ঘোষণা করে বলেন দোষী সাব্যস্ত যুবককে আইপিসি বা ভারতীয় দন্ডবিধির ৩৫৪ নং ধারায় ৫ বছর ও পকসো আইন ৮ নং ধারায় ৫ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। দুটি সাজা একসঙ্গে চলবে বলে বুধবার এই মামলার সরকারি আইনজীবী বা পিপি তাপস উকিল জানিয়েছেন। এছাড়াও বিচারক যুবককে ৫ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন।














জরিমানা অনাদায়ে সাজার মেয়াদ আরো ৬ মাস বাড়বে। এর পাশাপাশি বিচারক নির্যাতিতাকে ভিক্টিম ফান্ড থেকে ২৫ হাজার টাকা আর্থিক ক্ষতি পূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই মামলায় সবমিলিয়ে মোট ৮ জন তাদের সাক্ষ্য দান করেন।আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৫ অক্টোবর সালানপুরের বাসিন্দা ৬ বছরের নাবালিকা তার বাড়ির সামনে ছিলো। সেই সময় ঐ এলাকারই বাসিন্দা যুবক সাগর হেমব্রোম তাকে দুর্গা ঠাকুর দেখানোর নাম করে সাইকেল করে নিয়ে যায়। এরপরে এলাকার আইসিডিএস সেন্টারের কাছে নিয়ে গিয়ে সাগর নাবালিকার শ্লীলতাহানি করে। নাবালিকা বাড়ি গিয়ে গোটা বিষয়টি বাড়ির লোকেদেরকে বলে।
এরপরে নাবালিকার বাবা সালানপুর থানায় ঘটনাটি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে তদন্তে নেমে পরের দিন ৬ অক্টোবর অভিযুক্ত সাগর হেমব্রোমকে পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইপিসির ৩৫৪ নং ও পকসো আইনের ৮ নং ধারায় মামলা করে।সরকারি আইনজীবী বা পিপি তাপস উকিল বলেন, পুলিশের তথ্য প্রমাণা, মেডিক্যাল রিপোর্ট ও ৮ জনের সাক্ষীর পরে মঙ্গলবার পকসো কোর্টের বিচারক সুপর্ণা বন্দোপাধ্যায় সাগর হেমব্রোমকে দোষী সাব্যস্ত করেছিলেন। বুধবার বিচারক সাজা ঘোষণা করেন।


