Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOL

অফলাইন না অনলাইন, কাটছে না ধন্দ অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে রানিগঞ্জ পঞ্চায়েত অফিসে মহিলাদের বিক্ষোভ

*বেঙ্গল মিরর, রানিগঞ্জ, রাজা বন্দোপাধ্যায়ঃ* অফলাইন না অনলাইন? কিসের মাধ্যমে আবেদন করতে হবে, তা নিয়ে কাটছে না ধন্দ। তারই মধ্যে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানিগঞ্জে জুলাই মাসের ১ তারিখ পেরিয়ে যাওয়ার পরেও অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। শুক্রবার রানিগঞ্জের রতিবাটি এলাকার বাসিন্দা মহিলারা স্থানীয় পঞ্চায়েত অফিসে আসেন। মহিলাদের তরফে শুক্লা রায় বলেন, আমরা গত ২ জুন অফলাইনে ফর্ম জমা দিয়ে এই পঞ্চায়েত অফিসে এসেছিলাম। তখন আমাদের বলা হয়েছিল যে যাঁরা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন, তাঁদের অনলাইন ফর্ম পূরণ করার প্রয়োজন নেই।

কিন্তু ৩০ জুন পেরিয়ে গেলেও আমাদের অ্যাকাউন্টে কোনো টাকা জমা হয়নি। এদিন অফিসে এসে আমরা জানতে পারি যে তাঁদের অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। তিনি আরো বলেন, অফিসের আধিকারিকরা আমাদের জানান যে কেন তাঁদের অ্যাকাউন্টে টাকা জমা হয়নি, তার ব্যাখ্যা তাঁরা দিতে পারছেন না। এদিন পঞ্চায়েত অফিসে আসা অন্য মহিলারা জানান, তাঁরা ২ জুন অফলাইন ফর্ম জমা দিয়েছিলেন। কিন্তু এখনও তাঁদের অ্যাকাউন্টে টাকা আসেনি।

এদিন এখানে এসে এর কারণ জানতে চাইলে তাঁদের বলা হয় যে তাঁদের আবার অনলাইনে ফর্ম জমা দিতে হবে। এই মহিলারা বলেন, অফলাইন ফর্ম পূরণ করার পর যখন আমরা এখানকার আধিকারিকদের জিজ্ঞাসা করেছিলাম। তখন তাঁদের স্পষ্টভাবে বলা হয়েছিল যে তাঁদের অনলাইনে ফর্ম জমা দেওয়ার প্রয়োজন নেই। যাঁরা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন, তাঁদের অনলাইনে ফর্ম জমা দিতে হয়নি, কিন্তু ৩০ দিন পরেও তাঁদের অ্যাকাউন্টে টাকা জমা হয়নি।

খোঁজ নিতে গিয়ে তাঁরা জানতে পারেন যে, তাঁদের অফলাইনে জমা দেওয়া ফর্মগুলো সঠিক জায়গায় পাঠানো হয়নি। যে কারণে তাঁদের অ্যাকাউন্টে টাকা আসেনি। এই ঘটনায় মহিলাদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। এদিন মহিলাদের এই বিক্ষোভ দেখানো নিয়ে পঞ্চায়েত অফিসে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে, মহিলাদের ক্ষোভ ও অভিযোগ নিয়ে পঞ্চায়েত অফিসের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *